এইডসে আক্রান্ত হয়ে চলতি বছরের মে মাসে কুমিল্লায় মারা গেছেন তিনজন। এ ছাড়া এ বছর এ পর্যন্ত জেলায় এই রোগে সবমিলিয়ে মৃত্যু হয়েছে সাতজনের।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টারের কাউন্সিলর কাম এডমিন মো আরিফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হাসান জানান, সর্বশেষ মে মাসের ২৫ তারিখ মারা যান ২১ বছর বয়সী এক বিবাহিত যুবক। ১৩ মে মারা যান ৪৯ বছর বয়সী একজন এবং ৮ মে মারা যান ৩৫ বছর বয়সী একজন। তারা তিনজনই কুমিল্লা জেলার বাসিন্দা।
তিনি জানান, এ নিয়ে ২০২৬ সালে কুমিল্লা জেলার মোট সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারি মাসে ২ জন, মার্চ মাসে ১ জন, এপ্রিল মাসে ১ জন ও মে মাসে ৩ জন মারা যান।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টার সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় বর্তমানে ৩৮৫ জন এইচআইভি সংক্রমিত রোগী চিকিৎসা নিচ্ছেন। কুমেক এআরটি সেন্টারে চলতি বছর ৬৭২ জনের স্যাম্পল পরীক্ষায় ৩৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এরমধ্যে ৪ জন টিবি ও এইচআইভি দুইটিতেই আক্রান্ত।
যারা আক্রান্ত শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ যৌনকর্মী, ১৮ জন পুরুষ- পুরুষ (সমকামী) যৌন সম্পর্কিত, ৩ জন সংক্রমিত হয়েছেন বিবাহিত সম্পর্ক থেকে এবং ২ জন বিদেশে থাকা অবস্থায় আক্রান্ত।
২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কুমেকে ৬ হাজার ৬৪৬টি এইচআইভি টেস্টে ২৭৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪০ জন টিবিতেও আক্রান্ত। বর্তমানে চিকিৎসা নিতে থাকা রোগীর সংখ্যা ৬১৫ জন। ২০১৯ থেকে ২০২৬ পর্যন্ত মোট ৪৬ জন মারা গেছেন। চিকিৎসা ছেড়ে দিয়েছেন ১৩ জন।



