লক্ষ্মীপুরের অধিকাংশ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ। কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কগুলো মেরামত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
লক্ষ্মীপুর সদরের জকসিন-পোদ্দার বাজার ১০ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন হাজারো মানুষ ও কয়েকশ যানবাহন চলাচল করলেও সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী। গর্তে গাড়ির চাকা পড়ে ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী।
শুধু জকসিন-পোদ্দার বাজার নয়, জেলার বেশিরভাগ গ্রামীণ সড়কেরই একই চিত্র। কোথাও ২০ মিনিটের পথ পার হতে লাগছে দুই থেকে তিন ঘণ্টা। ফলে, ব্যাহত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্বাভাবিক যোগাযোগ।
চরম বিপাকে যানবাহন চালকরাও। গর্তে পড়ে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, বাড়ছে দুর্ঘটনা। দ্রুত সড়ক সংস্কারের দাবি চালক ও স্থানীয়দের।
লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল চৌধুরী বলেন, ‘প্রায় এক হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে যেগুলোর অবস্থা সবচেয়ে নাজুক, সেগুলোর দরপত্র ও প্রাক্কলন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার।’
দালাল বাজার-মীরগঞ্জ এবং জকসিন-পোদ্দার বাজার সড়কে ৬ মাসে ১০টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন, আহত ২০ জন। আরও প্রাণহানি এড়াতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের।



