চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি দেশি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার উপজেলার চেচুরিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—খুরশিদ আলম এবং জহিরুল ইসলাম। তাঁরা নোয়াখালীর হাতিয়া এবং ফটিকছড়ির ভুজপুরের বাসিন্দা।
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ রাসেল বলেন, ‘গতকাল দুপুরে চেচুরিয়া চৌমুহনী বাজারে একটি সন্দেহজনক থ্রি হুইলার আটক করা হয়। এ সময় তল্লাশি করে গাড়িটির ভেতর লুকানো তিনটি পাইপগান ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় থ্রি হুইলারে থাকা খুরশিদ ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি এসব অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।



