জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৩১ মার্চ জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাতে সম্মাননা তুলে দেন।
জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।
এর আগে, ৩১ মার্চ সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে তারা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অতঃপর, সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র গিয়েছেন।



