আশুলিয়ায় কোরবানির পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই ব্যবসায়ী মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে শহিদুল্লাহ কায়সার নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এই ঘটনা ঘটে।
নিহত কায়সারের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শিমুলিয়ার পাড়াগ্রামে পশুর হাটে শুকনো স্থানে গরু বাধাকে কেন্দ্র করে দুই গরু ব্যবসায়ী শুরুতে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহন হন শহিদুল্লাহ কায়সার নামে এক ব্যবসায়ী। এসময় তাকে আশঙ্কাজনক অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ এটাও জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব সহকারে তদন্ত করছেন এবং জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছেন।



