নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা একটি মরদেহ এক দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা হয়নি। অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহটি বৃহস্পতিবার সকাল থেকে কেওড়া বাগানে পড়ে আছে।
পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার মরদেহটি উদ্ধারে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাসি মার্কেট সংলগ্ন কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে থাকে বলে ধারাণা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি জানানোর পরও পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে মরদেহটি পড়ে আছে। এতে মরদেহটি পঁচে যাচ্ছে এবং আশপাশে গন্ধ ছড়াচ্ছে। দ্রুত মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থল নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। এরপরও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নৌ পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি জানান, তবে বাগানটি সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং বাগানে জোয়ারের পানি থানায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার মরদেহটি উদ্ধার করা হবে।



