হাতিরঝিল, গুলশান ও বনানী লেক রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই বছরের মধ্যে চেহারা বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পরিবেশ রক্ষায় একসাথে কাজ করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, রাজউক, সিটি করপোরেশন ও ওয়াসা। এরই মধ্যে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। সকালে হাতিরঝিল পরিদর্শন করে এসব কথা বলেন সংশ্লিষ্টরা।
নগরবাসীর জন্য স্বস্তির জায়গা ছিল হাতিরঝিল। কিন্তু দূষণে এটিই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংকটে গুলশান-বনানী লেকও।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘ঢাকার লেক ও খাল রক্ষায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথভাবে কাজ করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, রাজউক, ওয়াসা ও সিটি করপোরেশন।’
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর বলেন, ‘মেগা প্রকল্পের কাজ শুরু হবে শিগগিরই। তবে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না হলে উদ্যোগ সফল হবে না।’
আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘হাতিরঝিলে বাড়বে নিরাপত্তা ও আলোকসজ্জা। বর্জ্য অপসারণের পাশাপাশি পানির দুর্গন্ধ দূর করার কাজও চলছে।’
তিনি আরও বলেন, প্রকল্পের কাজ শেষ হলে শুধু লেক নয়, বদলে যাবে রাজধানীর পরিবেশও।



