রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নামপরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের ওসেকের পেছনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে (পুরুষ) উদ্ধার করি। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনো আমরা ওই বৃদ্ধের নামপরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার জন্য ইতিমধ্যেই সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’



