নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের গোলাগুলি হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার তোলারাম কলেজ সংলগ্ন ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ গোলাগুলি হয়।
এ ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ দুই মদাক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে ৭-৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ৮ রাউন্ড গুলি চালায়।
ওসি আরও জানান, গোলাগুলির সময় অস্ত্রধারী মাদক কারবারি জসিম (২৪) উরুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়। তারা হলেন– এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও পুলিশ সদস্য রাশিদুল।
ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো– জসিম (২৪) ও মোহন (২৩)। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



