গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি সালিনাবক্সা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর ১৭ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



