রিহ্যাব, রিয়েল এস্টেট কোম্পানি, প্রশাসন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও রাজনীতি সংশ্লিষ্ট প্রভাবশালীদের একাংশের সমন্বিত অনিয়মে আবাসন খাতে মাফিয়াতন্ত্র চলছে বলে জানিয়েছে টিআইবি। বুধবার এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে সংস্থাটির নির্বাহী পরিচালকের দাবি, এতে বাংলাদেশ প্রতারণা ও ভূমি অপদখলের দেশে পরিণত হচ্ছে।
ঢাকায় বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপনের জন্য এ সংবাদ সম্মেলন আয়োজন করে টিআইবি।
এতে সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, প্রশাসন, ব্যবসায়ী ও রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছে আবাসন ব্যবসায়ীরা।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশের সব আবাসন প্রকল্পই আইন ও নীতিমালার তোয়াক্কা না করে ব্যবসা করছে। তারা জবাবদিহির বাইরে থাকতে সদা তৎপর। প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যম গ্রাহকের সঙ্গে প্রতারণা করে চলছে আবাসন ব্যবসায়ীরা।’
আবাসন খাতে কোনো নৈতিক আচরণবিধি নেই দাবি করে উদ্বেগ জানান ড. ইফতেখারুজ্জামান। বলেন, নৈতিকতা সুরক্ষার জন্য নৈতিক আচরণবিধি তৈরী ও এর প্রয়োগ অপরিহার্য।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ একটা ভূমি অপদখলের দেশে পরিণত হচ্ছে রাজনৈতিক শক্তি, প্রশাসন তথা আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের দুষ্টচক্রের প্রভাবে। এই মাফিয়াতন্ত্র গণমাধ্যমকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।’
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আবাসন খাতের ভয়াবহ দুষ্টচক্র থেকে বের হতে অব্যাহতভাবে সংবাদ প্রচার গণমাধ্যমের দায়িত্ব। এর মাধ্যমেই জনমত গড়ে তুলে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে বলেও মত তার।


