রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় ১৩ বছর বয়সী একটি বাঘের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত দুই বছরে চিড়িয়াখানায় আটটি প্রাণীর মৃত্যু হলো।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, মারা যাওয়া বাঘটির নাম রনবীর। লিভার ও কিডনি জটিলতায় তার মৃত্যু হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি প্রাণী যখনই অসুস্থ্য হয়, তখনই আমরা সেই প্রাণীর কেয়ারের জন্য সব সময় আমরা চেষ্টা করি। কোনো প্রাণী মারা গেলে, কেন মারা গেল, এখানে জীবাণুঘটিত কোনো বিষয় ছিল কিনা, সে বিষয়টি আমরা খতিয়ে দেখি যাতে অন্য প্রাণীতে এটির সংক্রমণ না ঘটে।’
চিড়িয়াখানাটিতে প্রাণীর মৃত্যু এটিই প্রথম নয়। এরআগে, গত বছরের ৩০ অক্টোবর আট মাস বয়সী একটি জেব্রার মৃত্যু হয়। ২০ ও ২১ নভেম্বর মারা যায় দুর্জয় ও অবন্তিকা নামের পাঁচ মাস বয়সী দুটি বাঘশাবক। আর ২৭ নভেম্বর মৃত্যু হয় ২ মাস ১৮ দিন বয়সী একটি জিরাফ শাবকের।
পরপর, গত ১০ ডিসেম্বর মারা যায় ছয় মাস বয়সী একটি ইম্ফালা। জানুয়ারিতেও জাতীয় চিড়িয়াখানায় দুটি প্রাণীর মৃত্যু হয়। এরমধ্যে ১৫ জানুয়ারি মারা যায় ৪ মাস বয়সী একটি জিরাফশাবক এবং ২৫ জানুয়ারি মৃত্যু হয় ১২ বছর বয়সী একটি আফ্রিকান সিংহের।
গত ১ ফেব্রুয়ারি ১৮ বছর বয়সী একটি ওয়াইল্ড বিস্টও এখানে মারা যায়।


বিপন্ন হয়ে পড়ছে রয়েল বেঙ্গল টাইগার
ছয় মাসের ব্যবধানে দুই বাঘের মৃত্যু
