ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তিনি ওই বিভাগেরই এক কর্মচারী।
শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যার ঘটনায় অভিযুক্ত ফজলুর রহমান বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই পুলিশি পাহারায় রাখা হয়েছে।
পুলিশ জানায়, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু হত্যা মামলা দায়ের হয়েছে, তাই পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, মামলার দুজন আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর তিন আসামি হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।



