নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে গেছে। এতে এক নারী ও তিন শিশু নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজেরা হলো- গাজীপুর ইউনিয়নটির বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (০৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (০৫), সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের জন্যে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে যাওয়ার কথা ছিল। বিয়ের বাড়ির লোকজন এজন্য বরযাত্রী যেতে ভাড়ায় চালিত একটি স্পিডবোট ভাড়া করে। সেখানে রওয়ানা দেওয়ার কিছুটা আগে বাড়ির সামনে হাওরে ঘুরাঘুরি করতে স্পিডবোটে বের হন ১৫ বরযাত্রী। এ সময় হাওরের ধনু নদী দিয়ে বিপরীত দিক থেকে যাওয়া পণ্যবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ৪ জন নিখোঁজ হয়। এ সময় ১১ জন সাতরে তীরে ওঠেন।
ওসি জানান, ঘটনার পর পর স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা উদ্ধারের জন্য আসছে।



