পাবনার চাটমোহর উপজেলায় সরোয়ার হোসেন নয়ন (৩৫) নামের এক মাদকাসক্ত যুবকের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা। বাধা দিতে গেলে লাঠি আর ক্ষুর নিয়ে তাদের ওপর হামলা চালান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার দুপুরে স্থানীয় একটি স্কুলের মেয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলার ভিডিও করতে নিষেধ করায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঠেকাতে গিয়ে আহত হন কয়েকজন এলাকাবাসী।
অভিযুক্ত সরোয়ার হোসেন নয়ন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিনের ছেলে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের চড়ইকোল পূর্বপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের ছেলে নয়ন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে বাড়িতে ঠিকমতো দেখভাল না করায় মাঝেমধ্যেই বাড়ির বাইরে গিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালায় ও লাঞ্ছিত করে।
বুধবার দুপুরে হরিপুর ইউনিয়নের চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল স্কুলের মেয়ে শিক্ষার্থীরা। এ সময় তাদের খেলা ভিডিও ধারণ করতে থাকে অভিযুক্ত নয়ন। দেখতে পেয়ে তাকে ভিডিও করতে নিষেধ করেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। এ সময় হঠাৎ করেই শিক্ষক-শিক্ষার্থীদের ওপর লাঠি নিয়ে চড়াও হয়ে মারধরের চেষ্টা করেন। অন্য শিক্ষকরা এসে তাকে প্রতিহত করে।
স্কুলের সহকারী শিক্ষক মাসুদ রানা বলেন, ‘মেয়েরা তাকে ভিডিও করতে নিষেধ করেছিল, আমরাও তাকে নিষেধ করি ও সেখান থেকে চলে যেতে বলি। তখন সে প্রথমে লাঠি দিয়ে হামলার চেষ্টা করে। তাকে বাধা দেওয়ায় পরে সে ক্ষুর, কাঁচি, শিকল নিয়ে এসে আবারও শিক্ষক-শিক্ষার্থীদের হামলার চেষ্টা করে। আমরা শিক্ষার্থীদের স্কুলের ভেতরে রেখে প্রধান ফটক আটকে দেই। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে থামানোর চেষ্টা করলে তাদের ওপরও হামলা করে নয়ন।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় কয়েকজন মেয়ে শিক্ষার্থী আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় কয়েকজন আহত হয়েছেন। পরে অভিভাবকদের ডেকে এনে মেয়েদের তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিক থানার ওসি ও ইউএনও সাহেবকে অবহিত করি।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত নয়নকে আটক করে। ভুক্তভোগীদের এজাহার দিতে বলা হয়েছে। এজাহার দিলে মামলা নথিভুক্ত করে সেই মামলায় নয়নকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’
এদিকে অভিযুক্ত নয়নের বাবা ও সাবেক বিএনপি নেতা কফিল উদ্দিন তাঁর প্রতিপক্ষের ওপর দায় চাপিয়ে বলেন, ‘ছেলেকে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সে বেশিদিন ঠিকমতো লেখাপড়া করতে পারল না। আমার এলাকায় তো প্রতিপক্ষের অভাব নেই। তারা আমার ছেলেকে গাঁজা, মদসহ অন্যান্য মাদক খাইয়ে এই অবস্থা করে দিয়েছে। এখন আর ছেলেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি অতিষ্ঠ, মানসিকভাবে বিপর্যস্ত। আইনগতভাবে যেটা হয়, সেটাই হোক।’


