নাটোরে জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে গুরুদাসপুর পৌরসভার কাচারিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
এ সময় বাড়ির গেটে থাকা কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। অধ্যাপক আব্দুল কুদ্দুস নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৩ সালের ৩০ আগস্ট তাঁর মৃত্যু হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে বাড়ির সামনে এসে গেটে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে শনিবার রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের বাড়িতেও লুটপাটের অভিযোগ ওঠে। এ সময় বাড়ি থেকে প্রায় ৭ ভরি সোনার গহনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ হাসান জানান, একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে আব্দুল কুদ্দুসের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



