বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
লাইসেন্স বাতিল হওয়া এজেন্সির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটালস এন্টারপ্রাইজ, এম/এস শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হায়দরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল ও জাহরাত অ্যাসোসিয়েটস।
প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্স বাতিল হওয়া এসব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এ কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বাতিল হওয়া এসব এজেন্সির মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী ও তাঁর মেয়ের মালিকানাধীন এজেন্সি রয়েছে। এ ছাড়া সাবেক এমপি বেনজীর আহমেদ, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী, ব্যবসায়ী নূর আলী, রুহুল আমিন স্বপন ও মাহবুবুর রহমান সঞ্জুর মালিকানাধীন এজেন্সিও রয়েছে এই তালিকায়।



