ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
৪ বছর থেকে ৬০ বছর বয়সীরা এই টিকা নিতে পারবে। এই টিকা ডেঙ্গু ভাইরাসের ৪ ধরনের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। ৩ মাসের ব্যবধানে ২ ডোজে এই টিকা নিতে হয়।
তাকেদা জানিয়েছে, এটি নেওয়ার আগে ডেঙ্গু পরীক্ষা করানোর প্রয়োজন নেই এবং আগে ডেঙ্গু হয়েছে কি না, সেটিও বিবেচ্য নয়।
তাকেদার বৈশ্বিক ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে চালানো ১৯টি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়ালের ওপর ভিত্তি করে ভারতে এই অনুমোদন দেওয়া হয়।
এসব ট্রায়ালে ডেঙ্গুপ্রবণ ও সাধারণ অঞ্চলের ২৮ হাজারের বেশি মানুষ অংশ নেয়। গত দুই দশকে ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে।



