দেশের কৃষিখাতে সরকারি ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করা গেলে উৎপাদন, কর্মসংস্থান এবং জলবায়ু সহনশীলতা বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। সোমবার সংস্থাটির ঢাকা কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে মোট সরকারি ব্যয়ের প্রায় ১০ শতাংশ কৃষিখাতে ব্যয় করা হলেও তা থেকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন হচ্ছে না। কৃষিপণ্যের বৈচিত্র্যও বৃদ্ধি পাচ্ছে না, বিশেষ করে উচ্চমূল্যের কৃষিপণ্যের ক্ষেত্রে অগ্রগতি সীমিত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশে মাত্র ৫ শতাংশ কৃষক সঠিকভাবে সারের ব্যবহার নিশ্চিত করছেন, যা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করতে পারে।
এছাড়া ৭২ শতাংশ জমিতে ধান চাষ হওয়ায় পশুপালন, মৎস্য ও সবজি খাত সঠিকভাবে বিকশিত হচ্ছে না। সংস্থাটির মতে, মাটির সঠিক পরীক্ষা, সেবার মান বৃদ্ধি এবং ই-ভাউচার চালু করলে দরিদ্র ও প্রান্তিক কৃষকের কাছে আরও সহায়তা পৌঁছানো সম্ভব হবে।



