যত দ্রুত সম্ভব নিরপেক্ষ সদস্য নিয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। আমানতকারীদের আস্থা ফেরানো ও লেনদেন স্বাভাবিক করারও আশ্বাস দেন তিনি। সোমবার দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন।
দীর্ঘদিনের আন্দোলনের মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সোমবার ইসলামী ব্যাংকে যান নতুন প্রশাসক মোহাম্মদ জহির হোসেন।
তিনি জানান, ব্যাংকে আমানতকারীদের আস্থা ফেরানো ও লেনদেন স্বাভাবিক করার চেষ্টা চলবে। দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠন হবে। পুরনো শেয়ারহোল্ডারদের কাছে ব্যাংকের মালিকানা ফেরানোর বিষয়টি আদালতের নির্দেশ অনুযায়ী বাস্তবায়ন হবে বলেও জানান নতুন প্রশাসক।
মোহাম্মদ জহির হোসেন বলেছেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।
একই সঙ্গে জহির হোসেন বলেন, যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে।
এসময় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বলেন, ‘তারল্য সংকট কাটাতে সোমবার আরও আড়াই হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকা পাওয়া গেছে। কিন্তু সেই অর্থের পুরোটাও এখনো ব্যবহার করতে হয়নি। তাঁর আশা, যাঁরা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন, তাঁরা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।’
এদিকে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ায় গভর্নরকে ধন্যবাদ জানান আন্দোলনকারীরা। ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ, সৎ ও দক্ষ ব্যক্তিদের দিয়ে পর্ষদ পুনর্গঠনসহ ৭ দাবিতে আন্দোলন চলবে বলে জানান তারা। সর্বনিম্ন ৫ সদস্যের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের কাজ চলছে বলে জানান নতুন প্রশাসক।


ভারতের হাইকমিশনারকে তলব করে অসন্তোষ জানাল ঢাকা
