গ্রাহকদের আমানতের সুদ বা মুনাফার ওপর কেটে রাখা উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, জুলাই থেকে মে মাস পর্যন্ত কেটে রাখা কর সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত উৎসে কর সাত দিনের মধ্যে, ২১ থেকে ৩০ জুন পর্যন্ত কেটে রাখা কর পরের দিনই কোষাগারে জমা দেয়া বাধ্যতামূলক।
সম্প্রতি গ্রাহকদের আমানতের বিপরীতে কেটে রাখা উৎসে কর সরকারি কোষাগারে জমা দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর অবহেলা ও অনিয়মের ঘটনা ধরা পড়ে। এমন পরিস্থিতিতে রাজস্ব অপচয় রোধে এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।



