জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল প্রতিষ্ঠায় ম্যাক্স ফাউন্ডেশন ও মাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের সাথে চট্টগ্রাম ওয়াসার সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর সঠিক রক্ষণাবেক্ষণে বেসরকারি কোম্পানি ও বিভিন্ন উন্নয়ন সহযোগীকে আলাদাভাবে যুক্ত করা হচ্ছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় নদী-খালকে পন্য পরিবহন খাতে কাজে লাগাতে চায় সরকার। এজন্য পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।



