অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল শাহরুখ খানের। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ।
২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এ দুর্দান্ত অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান পাচ্ছেন তিনি।
শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শাহরুখ খানের ঝলমলে যাত্রা শুরু হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর সাফল্যের মধ্য দিয়ে। তারপর থেকে একের পর এক হিট সিনেমা, বক্স অফিসে রাজত্ব, কোটি ভক্তের ভালোবাসা—সবই তিনি পেয়েছেন। বার্লিন থেকে লন্ডন পর্যন্ত বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করেছেন তিনি। অথচ এত কিছুর পরও জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেন তাঁর নাগালের বাইরে ছিল।
তিন দশকের সেই অপূর্ণতা পূরণ হলো অবশেষে।



