অপেক্ষার পারদ চড়েছিল আগেই! শাহরুখ খানের জন্মদিনের (২ নভেম্বর) সকালে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে প্রকাশ্যে এল সেই টিজার।
ভক্তরা অনুমান করেছিল যে, শাহরুখের জন্মদিনে প্রকাশ হতে পারে কিং টিজার। ঠিক তা-ই ঘটেছে, প্রথমবার প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির ঝলক। সুপারস্টারকে দেখা গেল অ্যাকশন-প্যাকড আবহে। হাতে তাঁর তাস কার্ডের কিং!
সামাজিকমাধ্যমে টিজারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘সারাদেশে বদনাম, কিন্তু গোটা দুনিয়ায় একটাই নাম—কিং।’
এর আগে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছেন দর্শক। এবার সেই ম্যাজিক ফিরবে নতুন রূপে। ২০২৬ সালে মুক্তি পাচ্ছে এই নির্মাতা-অভিনেতা জুটির কিং।
প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। এ ছাড়া ‘ডাঙ্কি’ দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। তবে তারপর দু’বছর আর পর্দায় দেখা যায়নি বলিউড বাদশাহকে। ফলে তাঁর নতুন ছবির জন্য দিন গুনছেন ভক্তরা।



