বলিউডে সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার সেই পুরোনো বিতর্কে নতুন করে জড়াল নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজের নাম। ভাইরাল হওয়া একটি কথিত হাতে লেখা চিঠিকে কেন্দ্র করে সুকেশের নামে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, জ্যাকলিনের সঙ্গে সুকেশের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নোরা নাকি তাকে নিয়মিত উসকানি দিতেন।
তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার—ভাইরাল হওয়া চিঠিটি সত্যিই সুকেশের লেখা কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ফলে চিঠিতে থাকা অভিযোগগুলোর সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। তারপরও চিঠির বক্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কথিত ওই চিঠিতে নোরার সঙ্গে নিজের যোগাযোগ এবং তাকে বিভিন্ন দামি উপহার দেওয়ার দাবি করেছেন সুকেশ। এমনকি মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি টাকা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রসাধনী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন উপহারের কথাও রয়েছে চিঠিতে।
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জ্যাকলিন প্রসঙ্গ। সুকেশের দাবি, জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন। সেই কারণেই নাকি সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য তাকে বারবার উসকানি দিতেন নোরা।
শুধু তাই নয়, নোরা তাকে নিয়মিত ফোন করতেন এবং দিনে প্রায় ১০ বার পর্যন্ত যোগাযোগ করে বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ দাবি করতেন—এমন অভিযোগও করা হয়েছে কথিত চিঠিতে। সুকেশ আরও দাবি করেছেন, নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের বিভিন্ন তথ্য তার কাছে রয়েছে।
চিঠির শেষাংশে নোরাকে সতর্কও করেছেন সুকেশ। তার ভাষ্য অনুযায়ী, তাকে উসকানি না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি নিজের অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। প্রয়োজনে সেসব প্রমাণ প্রকাশ্যে আনার কথাও জানিয়েছেন সুকেশ।



