বড় পর্দায় ‘আওয়ারাপন ২’-এর সাফল্য উপভোগ করার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউড তারকা এমরান হাশমি।শারীরিক অসুস্থতার কারণে বাতিল করতে হয়েছে বেঙ্গালুরুতে তার বিশেষ একটি অনুষ্ঠান। পরে অবশ্য নতুন তারিখও জানানো হয়েছে।
সম্প্রতি নিজের পরবর্তী একটি সিনেমার শুটিংয়ের কাজে রাঁচিতে গিয়েছিলেন এমরান। সেখান থেকে ফেরার পরই জ্বর ও শারীরিক অস্বস্তি শুরু হয় তার। শুক্রবার রক্ত পরীক্ষা করানোর পর চিকিৎসকেরা জানান, তিনি এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে সম্পূর্ণ বিশ্রাম ও নিজেকে আলাদা রাখার নিয়ম মেনে চলছেন এই অভিনেতা।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় কারণে বেঙ্গালুরুর নির্ধারিত অনুষ্ঠানেও যেতে পারেননি এমরান। নিজের ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি দুঃখিত। তবে অনুষ্ঠানটি বাতিল হচ্ছে না, পিছিয়ে দেওয়া হয়েছে মাত্র।
আগামী ১২ সেপ্টেম্বর শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। এরই মধ্যে যারা টিকিট কিনেছেন, তাদের নতুন করে টিকিট কাটতে হবে না। আগের টিকিটই নতুন তারিখে বৈধ থাকবে বলে জানানো হয়েছে।
এমরানের অসুস্থতার খবর এমন সময়ে এলো, যখন দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় তার প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’ নিয়ে চলতি বছর দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। সিনেমাটিতে দিশা পাটানি ও শাবানা আজমির সঙ্গে অভিনয় করেছেন এমরান।
মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে। এমরানের ক্যারিয়ারে এটি দ্রুততম একশ কোটি রুপি আয় করা একক সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি নিয়েও ঘোষণা এসেছে। ফলে পরপর নতুন খবরের মধ্যে ছিলেন এই অভিনেতা।
অসুস্থতার কারণে সাময়িক বিরতি এলেও কাজ থামছে না এমরানের। সুস্থ হয়ে ফিরেই তাকে দেখা যাবে নতুন অ্যাকশনধর্মী সিনেমায়। আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি নাইন’ সিনেমায় জেনেলিয়া ডি’সুজার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এতে এক ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে দেখা যাবে এমরানকে। সিনেমাটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
একদিকে ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের উচ্ছ্বাস, অন্যদিকে হঠাৎ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়া—সব মিলিয়ে এমরান হাশমির সময়টা এখন বেশ আলোচিত। ভক্তদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও শুটিং ও প্রচারের কাজে ফিরবেন বলিউডের এই তারকা।


রাখাইনে রোহিঙ্গাদের বাস্তবতার পরিবর্তন হলো কি?
