‘আওয়ারাপন ২’-এর সাফল্যে যখন নতুন করে আলোচনায় বলিউড তারকা এমরান হাশমি, ঠিক তখনই তার শরীরে হানা দিয়েছে এইচ১এন১। অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি নির্ধারিত অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে থাকা এই অভিনেতা বর্তমানে সেরে ওঠার পথে রয়েছেন।
সম্প্রতি শুটিংয়ের কাজে রাঁচি গিয়েছিলেন এমরান। সেখান থেকে ফেরার পর কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। পরে রক্ত পরীক্ষা করানো হলে প্রতিবেদনে ইনফ্লুয়েঞ্জা এ এবং এইচ১এন১ শনাক্ত হওয়ার তথ্য আসে। চিকিৎসকেরা তাকে বিশ্রাম ও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
তবে এই এইচ১এন১ আসলে কী?
এইচ১এন১ হলো ‘ইনফ্লুয়েঞ্জা এ’ ভাইরাসের একটি ধরন। ২০০৯ সালে বিশ্বজুড়ে মহামারি তৈরি করায় এটি তখন ‘সোয়াইন ফ্লু’ নামে ব্যাপকভাবে পরিচিতি পায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সেই ভাইরাস এখন মানুষের মধ্যে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা হিসেবে নিয়মিত ছড়িয়ে পড়ছে। তাই বর্তমান এইচ১এন১কে শুধু ‘সোয়াইন ফ্লু’ বলা পুরোপুরি সঠিক নয়।
এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত হঠাৎ জ্বর, কাশি, গলাব্যথা, মাথাব্যথা, শরীর ও পেশিতে ব্যথা এবং প্রচণ্ড দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে পারে। বেশির ভাগ মানুষ এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। তবে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং অন্য কিছু উচ্চঝুঁকির মানুষের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা গুরুতর হয়ে উঠতে পারে।
ইনফ্লুয়েঞ্জা মূলত আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচি ও শ্বাসতন্ত্রের নিঃসৃত কণার মাধ্যমে ছড়ায়। তাই আক্রান্ত অবস্থায় বিশ্রামে থাকা, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি কমাতে মৌসুমি ফ্লুর টিকাকে গুরুত্বপূর্ণ প্রতিরোধব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে।
অসুস্থতার কারণে বেঙ্গালুরুর অনুষ্ঠানটি বাতিল করেননি এমরান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে জানান, অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ ১২ সেপ্টেম্বর। যারা আগে টিকিট কিনেছেন, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না; আগের টিকিটই নতুন তারিখে বৈধ থাকবে।
এদিকে অসুস্থতার খবর এমন সময়ে এলো, যখন ‘আওয়ারাপন ২’-এর সাফল্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন এমরান। ২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তিতে দিশা পাটানি ও শাবানা আজমির সঙ্গে অভিনয় করেছেন তিনি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে দুইশ কোটি রুপির বেশি আয় করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ছবির সাফল্যের পর ‘আওয়ারাপন ৩’ নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা।
সাময়িক এই অসুস্থতা কাটিয়ে এমরানের সামনে রয়েছে আরও বড় কাজ। আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘গানমাস্টার জি নাইন’-এ জেনেলিয়া ডি’সুজা ও অপারশক্তি খুরানার সঙ্গে দেখা যাবে তাকে। সিনেমাটি ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


অন্তর্বতী প্রধানের সঙ্গে ট্রাম্পের গোপন চুক্তি, ২০ ভাগ তেল এখন আমেরিকার
