কেরালার সরকারি হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালাম চলচ্চিত্র জগতে উত্তাল পরিস্থিতি। যেখানে তুলে ধরা হয়েছে এই ইন্ডাস্ট্রিতে কীভাবে নারীরা যৌন হয়রানি স্বীকার হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশের পর একের পর এক নারী নিগ্রহের ঘটনা সামনে আসছে।
তবে এবারই প্রথম পুরুষ কোনও শিল্পী একই রকমের অভিযোগ করলেন। মালায়লাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে সোচ্চার এক নবীন অভিনেতা। অভিযোগ, হোটেলে ডেকে তাঁকে নগ্ন হতে বাধ্য করা হয়েছিল। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের বিরুদ্ধে ইতিমধ্যেই কোঝিকোড় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেতা। এর আগে এই পরিচালকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
এদিকে অভিনেতা জানান, ২০১২ সালে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছিল। অডিশনের বাহানায় বেঙ্গালুরুর এক হোটেলে ওই অভিনেতাকে ডাকা হয়।
তিনি বলেন, ‘আমাকে নগ্ন হতে বাধ্য করা হয়েছিল।’
অভিনেতার দাবি, তিনি প্রথমে বুঝতেই পারেননি তাঁর সঙ্গে কী হচ্ছে। ভেবেছিলেন এ বোধহয় অডিশনের অংশ। নগ্ন করার পরও রঞ্জিতের হেনস্তা চলতে থাকে বলে অভিযোগ তাঁর। সকালে নাকি রঞ্জিত তাঁকে অর্থও অফার করেছিলেন।
অন্যদিকে গত সপ্তাহে রঞ্জিতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা। তাঁর অভিযোগে, অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন এ নির্মাতা।
শ্রীলেখাকে কোচিতে ডাকা হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও ছিল। সকালে সেটে গিয়েছিলেন তিনি। সেখানে ফটোশুট হয়। কস্টিউম এবং অন্যান্য বিষয়েও আলোচনা হয়। তারপর বিকেলে সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য পরিচালকের বাড়িতে তাঁকে ডাকা হয়েছিল।
অভিনেত্রী জানান, তিনি যখন রঞ্জিতের বাড়িতে যান পরিচালক ফোনে কথা বলছিলেন এবং ড্রয়িং রুমে অনেকে ছিলেন। তাঁর অভিযোগ, ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডাকেন রঞ্জিত। ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। শ্রীলেখা যেতেই তাঁর হাতের চুড়ি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। অভিনেত্রী তখনই সতর্ক হয়ে ওঠেন। কিন্তু তখনও পরিচালকের অভিসন্ধি বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু এরপর অভিনেত্রীর চুলে আর ঘাড়ে হাত দিতে থাকেন পরিচালক। অভিনেত্রী আর মেনে নেননি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।
সম্প্রতি তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার জানিয়েছেন, কেরালা সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা। তাঁর ক্যারাভ্যানের ভেতরে সাঁটানো হয়েছিল ক্যামেরা।


যৌন নিগ্রহ রিপোর্ট: পদত্যাগের পর মুখ খুললেন মোহনলাল
মেকআপ ভ্যানে ক্যামেরা, নায়িকারা পোশাক বদলালেই হতো ভিডিও!
