
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে সুকুনাও! দুটি ফ্র্যাঞ্চাইজির এই অকল্পনীয় সংযোগে বিস্ময় প্রকাশ করছেন কাইসেন-ভক্তরা! সামাজিকমাধ্যমে তা ব্যাপক উন্মাদনার পাশাপাশি উসকে দিয়েছে ‘ক্যানন বিতর্ক’।
মার্ভেলের নতুন সংখ্যায় শিবুয়াকাণ্ডের একটি দৃশ্যগত ট্রিবিউট (শ্রদ্ধাঞ্জলি) লক্ষ্য করা যায়, যেখানে ধ্বংসপ্রাপ্ত টোকিও শহরের ওপর সুকুনার বিশাল এক অবয়ব ফুটে উঠে। বিস্ময়কর এ মুহূর্ত অ্যানিমে ও কমিকপ্রেমীদের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অনুরাগীরা প্রশ্ন তুলছেন যে, জুজুৎসু কাইসেন কি তবে আনুষ্ঠানিকভাবে এবার মার্ভেলের ক্যাননের অংশ? নাকি শুধু মার্ভেলের পক্ষ থেকে পপ-কালচারের প্রতি একটি সাহসী ট্রিবিউট মাত্র!
মুরেওয়া আয়োদেলের লেখা এবং ফেদেরিকা মানচিনের আঁকা এই মার্ভেল সংখ্যায় অবাস্তব এক দৃশ্যের মধ্যদিয়ে ‘স্টর্ম’কে মার্ভেলের সুবিশাল অমনিভার্সে পাঠানো হয়। অগণিত মহাবিশ্ব ভ্রমণকালে একটি স্থান তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করে।
একটি বিধ্বস্ত রাজ্যকে স্পষ্টভাবে ‘শিবুয়া, টোকিও, জাপান: কুহক ও মৃত্যুর মাল্টিভার্স ক্লাস্টার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক বিশাল চাঁদ ও জ্বলন্ত আকাশের প্রান্তে দাঁড়িয়ে আছে রিওমেন সুকুনার এক সুস্পষ্ট অবয়ব, যা জুজুৎসু কাইসেন’র আলোচিত শিবুয়াকাণ্ডের সেই ধ্বংসপ্রাপ্ত রাজ্যেরই এক প্রতিচ্ছবি।
মার্ভেল আগেও পপ-কালচারকে তুলে এনেছে, তবে এবারের বিষয়টি বেশ সুনির্দিষ্ট মনে হচ্ছে! কমিটিতে শুধু সরাসরি শিবুয়ার নামই উল্লেখ করা হয়নি, বরং জুজুৎসু কাইসেন’র অন্যতম অন্ধকারাচ্ছন্ন ও আইকনিক একটি আর্ককেও দৃশ্যগতভাবে পুনর্নির্মাণ করেছে। ভক্তদের অনেকে, এটিকে জুজুৎসু কাইসেন’র বৈশ্বিক প্রভাবের এক বড় স্বীকৃতি বলে মনে করছেন, যেহেতু গোটা বিশ্বেই মূলধারার বিনোদনে অ্যানিমের দাপট অব্যাহত রয়েছে।
ভক্তরা সামাজিকমাধ্যমে মার্ভেলের নতুন সংখ্যা দেখে প্রতিক্রিয়া জানাতে একটুও দেরি করেননি! দ্রুতই তা এক্স, রেডিট ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে! অনেকে এটিকে বছরের অন্যতম ‘সেরা কমিক’ চমক বলে অভিহিত করছেন। সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে একজন লেখেন, ‘২০২৬ সালে আমার বিঙ্গো কার্ডে তো মার্ভেলের জুজুৎসু কাইসেন থাকার কথা ছিল না।’ আরেকজন মজা করে বলেন, ‘অ্যাভেঞ্জার্সে গোজো কবে?’ এভাবে নানাজন নানা কথা বলছেন!
তবে শিবুয়াকাণ্ডের প্রতি মার্ভেলের এই স্বীকৃতি ইঙ্গিত দেয় যে, অ্যানিমের প্রভাব বিশ্বজুড়ে কতটা শক্তিশালী হয়ে উঠেছে! কীভাবে পশ্চিমা কমিকস গল্প বলার ক্ষেত্রে মাঙ্গা সিরিজকে একটি প্রধান শক্তি হিসেবে সামনে আনছে, এই স্বীকৃতি তারই এক বহিঃপ্রকাশ বটে।


সারাদেশে একযোগে রবীন্দ্রজয়ন্তী
