ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন ইধিকা। আর এতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই জুটি?
ইধিকার এই পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকের ধারণা, এটি শুধুই পুরোনো সিনেমার স্মৃতিচারণ নয়; বরং সামনে আসতে যাওয়া নতুন কোনো সিনেমার ইঙ্গিতও হতে পারে। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সম্প্রতি ‘বরবাদ’ টিম শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। পরিচালনায় থাকছেন মেহেদী হাসান হৃদয়। শোনা যাচ্ছে, সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে দেখা যেতে পারে। তবে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।
চলচ্চিত্র অঙ্গনের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাকিব খানকে ঘিরে বর্তমানে একাধিক নতুন প্রকল্প নিয়ে কাজ চলছে। সম্ভাব্য একটি সিনেমায় ইধিকা পালের নাম আলোচনায় থাকলেও এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
এর মধ্যেই ‘প্রিয়তমা’র পোস্টারকে কাভার ছবি হিসেবে ব্যবহার করায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই লিখছেন, শাকিব-ইধিকা জুটিকে আবারও একসঙ্গে দেখতে চান তারা। কেউ কেউ এটিকে নতুন সিনেমার প্রচারণার আগাম ইঙ্গিত বলেও মনে করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের মন জয় করার পাশাপাশি সিনেমাটি বক্স অফিসেও বড় সাফল্য পায়। এরপর থেকেই এই জুটির পুনর্মিলনের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।


টম ক্রুজের ভিন্ন রূপ, আলোচনায় ফাহাদ ফাসিলও
