সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ধানমণ্ডি-৩২ এলাকার একটি পার্কে অভিযান পরিচালনা করে পুলিশ। মূলত কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই ছিল এই অভিযান। তবে সেসময় সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর এসব ঘটনায় নাগরিক অঙ্গনে পুলিশের পেশাদারিত্ব ও আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এক কিশোরকে পুলিশের মারধরের দৃশ্য দেখা যায়, সেই বিষয়টি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী লেখেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন—এটা আপনাদের কাজ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়!’
‘পুলিশ জনগণের বন্ধু’—সেই বিশ্বাস থেকে ফারিয়া বলেন, ‘আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত। আমরা চাই আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।’
শবনম ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মন্তব্যঘরে তাঁর কথায় সহমত জানিয়েছেন অনেক নেটিজেন। তাঁদের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ করাও জরুরি।
তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। সেসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়েও স্পষ্ট তথ্য মেলেনি। এদিকে, সামাজিকমাধ্যমে এসব প্রশ্নবিদ্ধ ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।


বিমানবন্দরে আমার লাগেজে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই উঠে না: মেহজাবীন
