দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এখন পর্যন্ত ভূউপগ্রহরে তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এটি মূলত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এর সুনির্দিষ্ট গতিপথ ও তীব্রতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে আবাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রাথমিক প্রভাবে আপাতত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বড় কোনো ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২৫ অক্টোবর থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে। পরবর্তী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
লঘুচাপ শক্তি সঞ্চার করছে, এতে গভীর সাগর ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে। বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জেলে ও মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।


