দাঁত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শরীরের যে কোনো অঙ্গের মতো দাঁতের যত্নও নেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা সময়মতো দাঁতের যত্ন নেন না। এমন অনেক অভিভাবক আছেন, যারা সন্তানের দাঁতের যত্নে অবহেলা করেন। এতে বয়স বাড়ার সঙ্গে বাড়তে পারে দাঁতের সমস্যা। এক পর্যায়ে গিয়ে দাঁতের অযত্ন স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই দাঁতের যত্নে সচেতনতার প্রয়োজন।
দাঁতের সমস্যায় কমবেশি সবাই ভোগেন। যে কোনো কারণে দাঁতে ব্যথা হয়। অনেক সময় দাঁতে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। এই ব্যথার তীব্রতা এতো বেশি থাকে, অনেকে মনে করেন দাঁত ব্যথার কারণে চোখের ক্ষতি হচ্ছে কিনা। তাই রোগীদের মনে একটাই প্রশ্ন থাকে, দাঁত তুললে চোখের কোনো সমস্যা হবে কিনা? যদি সে রোগীর দাঁত উপরের মাড়িতে হয়, তবে এই প্রশ্ন রোগীর মাথায় অনেক বেশি চেপে বসে।
রোগীর মুখের উপরের মাড়ির দাঁতে যদি প্রদাহ হয়, তাহলে দাঁতের ব্যথা অতি দ্রুত চোখ,কান এবং মাথার দিকে ছড়িয়ে পড়ে। এটিই মূলত রোগীদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যথা অতিদ্রুত ছড়িয়ে পড়ার কারণে অনেকে রোগীই মনে করেন দাঁতের সঙ্গে চোখের সম্পর্ক আছে।
সিকদার ডেন্টাল কেয়ারের ডেন্টাল সার্জন ডা. পূজা সাহা বলেন, ‘দাঁত ও চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত। দাঁতের নার্ভ ও চোখের নার্ভ সম্পূর্ণ আলাদা। যার একটির সঙ্গে অপরটির কোনো সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রে পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের রোগ অনেক রোগীর ভীতির কারণ হয়ে থাকে। কেননা এই রোগের ব্যথা অতি দ্রুত যে পাশের দাঁতে ব্যথা, সে পাশের চোখের দিকে ছড়িয়ে পড়ে। আর এতেই অধিকাংশ রোগী মনে করেন দাঁতের সঙ্গে চোখের সম্পর্ক আছে।’
ডেন্টাল সার্জন ডা. পূজা সাহার মতে, দাঁত তুললে চোখের ক্ষতি হয়—এটি একটি ভুল ধারণা। কেননা দাঁত ও চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র। দাঁত তুলে ফেললে চোখের ক্ষতি হয় না। এমনকি চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ারও কোনো ঝুঁকি থাকে না।
দন্ত বিশেষজ্ঞদের মতে, নিয়মিত দাঁতের যত্নের পাশাপাশি দন্ত বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন। এতে দাঁতে কোনো সমস্যা থাকলে তা আগে থেকেই জানা যায় এবং সে সমস্যা সমাধান করা সম্ভবপর হয়।


হঠাৎ ভেঙে গেছে দাঁত? জেনে নিন করণীয়
নিয়মিত দাঁত না মাজলে কী কী ক্ষতি হতে পারে?
