মুম্বাইয়ের আলো ঝলমলে এক রাত। মিউজিক আর গ্ল্যামারে মঞ্চজুড়ে এক অনন্য আবহ। বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফ্যাশন গালায় ছিলেন বলিউডের বহু তারকা। তবে সন্ধ্যার মূল আকর্ষণ ছিলেন এক জন, সালমান খান। বহু বছর পর র্যাম্পে পা রাখলেন বলিউডের ভাইজান। আর তাঁর উপস্থিতিতেই যেন জমে উঠল পুরো আয়োজন।
সালমান হাজির হন কালো সিল্কের শেরওয়ানি-স্টাইল জ্যাকেটে। যার ওপর ছিল সোনালি ও মেরুন রঙের ফুলেল এমব্রয়ডারি। নিচে পরেছিলেন ক্লাসিক কুর্তা-পায়জামা। তাঁর এই সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া, আবার আধুনিকতার ছাপও। পুরো লুকটিই যেন ভারতীয় কারুশিল্প ও সমকালীন কৌতুরের নিখুঁত মেলবন্ধন। চুল পিছনে আঁচড়ানো, মুখে মুচকি হাসি, সব মিলিয়ে একেবারে রাজকীয় আবহ।

শোয়ের থিম ছিল ‘ভিনটেজ ইন্ডিয়া’, আর সালমানের পোশাক সেই ভাবনাকেই জীবন্ত করে তুলেছিল। ঐতিহ্যবাহী নকশা, বিলাসবহুল কাপড় আর নিখুঁত কাটিং, সবকিছু মিলে তাঁর উপস্থিতি যেন পুরো সন্ধ্যার কেন্দ্রবিন্দুতে।
সালমান খানের র্যাম্পে হাঁটা মানেই এক বিরল দৃশ্য। তাঁর ভঙ্গি, আত্মবিশ্বাস আর সেই চেনা হাসি, সবকিছুই যেন দর্শকদের মধ্যে এনে দিল এক অন্য রকম উত্তেজনা। যখন তিনি মঞ্চের কেন্দ্রে এসে দাঁড়ালেন, চারদিক জুড়ে বেজে উঠল তুমুল করতালি।
র্যাম্পের পর্দার পেছনেও ছিল হাসি ও উচ্ছ্বাসের আবহ। সুশমিতা সেন, বিপাশা বসু, আমিশা পটেলের সঙ্গে হাসিমুখে আলাপচারিতা করলেন সালমান। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিক্রমকে আমি বহু বছর ধরে চিনি। অনেক স্মৃতি আছে একসঙ্গে। তাঁর এই যাত্রার অংশ হতে পেরে সত্যিই আনন্দিত।’
এই হাঁটা শুধু ফ্যাশনের মুহূর্ত নয়, ছিল এক প্রতীকী উপস্থিতি। সাম্প্রতিক সময়ে সালমানের জনসমক্ষে আসা কমে গেলেও, তাঁর এই র্যাম্পে ফেরা যেন এক বার্তা, তাঁর তারকাখ্যাতি এখনো অটুট। সুরক্ষা, ব্যস্ততা বা সময়, কোনো কিছুই তাঁর ক্যারিশমাকে কমাতে পারেনি।


অনুষ্ঠানে সোনম কাপুরের মতো সাজতে চান? যা করবেন
২৫ বছর পুরোনো মায়ের গয়না পরে অনুষ্ঠানে ইশা আম্বানি
