ঘর ঝকঝকে-তকতকে রাখতে সবাই চায়। কিন্তু ঘরের অন্যান্য কোণা পরিষ্কার করা হলেও বাদ পড়ে যায় রান্নাঘর বা বাথরুমের এগজস্ট ফ্যানটি। মাসখানেক পরিষ্কার না করলেই এই ফ্যানের দিকে আর তাকানো যায় না।
গ্রিজ এবং ময়লার একটি পুরুস্তর পড়ে যায়। এতে এগজস্ট ফ্যানটি শুধু চালাতেই সমস্যা হয় না, এটি যান্ত্রিকভাবে ক্ষতিগ্রস্তও হতে পারে।
এগজস্ট ফ্যান নিয়মিত পরিষ্কার করতে না পারার একটি কারণ হলো এর অবস্থান। এটি সাধারণত দেওয়ালের একটু উঁচুতে লাগানো থাকে। ফলে সহজে নাগাল পাওয়া যায় না এবং এতে তেলচিটে ময়লা ধরে যায়। বছরের পর বছর পরিষ্কার না করার ফলে ফ্যানটি সম্পূর্ণ নষ্টও হয়ে যেতে পারে।
জেনে নিন তেলচিটে এগজস্ট ফ্যান পরিষ্কারের সহজ উপায়-
- প্রথমে এগজস্ট ফ্যানটি বন্ধ করুন। প্লাগ থেকে ফ্যানের বৈদ্যুতিক সংযোগ খুলে নিন। এরপর ব্লেডটি ফ্যান থেকে খুলে নিন। এটি থেকে ময়লা তুলতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়।
- এগজস্ট ফ্যানের তেল চিটচিটে ভাব পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন তেল আর বেকিং সোডা। একটি বাটিতে দুটি উপাদান মিশিয়ে নিন। এবার তুলা বা পাতলা কাপড়ের সাহায্যে পাখা আর ফ্যানের নেট পরিষ্কার করুন। খেয়াল রাখবেন, তেল যেন ফ্যানের মোটরে চলে না যায়।
- এছাড়া ফুটন্ত পানিতে বেকিং সোডার সঙ্গে ২ কাপ অ্যামোনিয়া মিশিয়ে নিন। ব্লেড এই মিশ্রণে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। এবার ব্লেডটি আলতো করে ঘষুন। পরিষ্কার হয়ে যাবে। লেবু এবং হোয়াইট ভিনেগারও মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন।
- তেলের সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিশিয়েও এগজস্ট ফ্যান পরিষ্কার করা যেতে পারে। আধা কাপ তেলে সমপরিমাণ ডিটারজেন্ট মিশিয়ে নিন। এবার প্রথমে গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে ফ্যানের ব্লেড পরিষ্কার করুন। তেলের মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
- এগজস্ট ফ্যান পরিষ্কার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে টিস্যু পেপার বা পুরনো খবরের কাগজ দিয়ে মুছে শুকিয়ে নিন। ফ্যানটি শুকানোর সময় দিন। একদম শুকিয়ে গেলে তবেই ফের ব্যবহার করবেন।
- পাশাপাশি বিদ্যুৎ অপচয় রুখতে সতর্ক থাকুন। অপ্রয়োজনে চালু না রেখে ব্যবহারের পরই পাখাটি বন্ধ করে রাখুন।


তেল চিটচিটে বাসন হবে নতুনের মতো, কীভাবে জানুন
যেভাবে ক্লিন রাখবেন কিচেন
