কিছুদিন আগেও সন্ধ্যার সঙ্গে সঙ্গে টেলিভিশনের সামনে জমে উঠত আসর। রিমোট নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চলত টানাটানি। এখন হাতে হাতে স্মার্টফোন চলে আসায় টিভির আবেদন ফুরিয়েছে অনেকখানিই।
তবু খেলা বা বড় কোনো ঘটনার সময় টিভি এখনও সরবে তার উপস্থিতি জানান দেয়। বাসার এই ইলেকট্রনিক যন্ত্রটির স্ক্রিনে ময়লার পরত পড়ে থাকতে দেখেন সকলেই।
ধুলোবালি কিংবা আঙুলের ছাপ পড়লে টিভির ছবি পরিষ্কার দেখা যায় না। এসময় বেশিরভাগ মানুষই খসখসে, পুরনো তোয়ালে বা টিস্যু দিয়ে টিভির স্ক্রিন পরিষ্কার করে নেয়। এসব পণ্য স্ক্রিনের ওপরে দাগ ফেলতে পারে।
আরেকটি ভুল হলো, সরাসরি স্ক্রিনে তরলজাতীয় কোনো পদার্থ স্প্রে করা। পুরোনো আমলের পিকচার টিউবওয়ালা টেলিভিশনের পর্দা কাঁচের তৈরি হত। কিন্তু এখন বেশিরভাগ টিভির স্ক্রিনের ওপরে এলইডি, এলসিডি, ওএলইডি, কিউএলইডি এবং প্লাজমা স্ক্রিনের আবরণ রয়েছে। বাসাবাড়ি পরিষ্কারের কাজে ব্যবহৃত বিভিন্ন স্প্রে বা সাবানে থাকা অ্যামোনিয়া, অ্যালকোহল এবং অ্যাসিটোন টেলিভিশন স্ক্রিনের ওপর থাকা আবরণের ক্ষতি করতে পারে।
এজন্য ক্ষতি না করে সঠিক উপায়ে টিভির স্ক্রিন পরিষ্কারের উপায় জেনে রাখা প্রয়োজন।
ম্যানুয়াল অনুসরণ
প্রায় সব ইলেকট্রনিক সরঞ্জামের সঙ্গেই ম্যানুয়াল থাকে। যে ব্র্যান্ডের টিভি কিনেছেন, তাদের দেওয়া নির্দেশাবলি বা ম্যানুয়াল অনুসরণ করুন। কারণ এক ব্র্যান্ডেরজন্য যা কাজ করবে, তা অন্য ব্র্যান্ডের টিভির জন্য নাও করতে পারে।
মাইক্রোফাইবার কাপড়
সুতি বা পলিয়েস্টারের কাপড়, কাগজের তোয়ালে বা টিস্যু পেপার স্ক্রিনে দাগ ফেলতে পারে। অনেক সময় এসব কাপড়ে অজস্র ধুলোবালি লেগে থাকে, ফলে সেটি দিয়ে মুছলে স্ক্রিনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। স্মার্টটিভির স্ক্রিন পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা। টিভির ডিসপ্লের পাশাপাশি চশমা, সেলফোন এবং ক্যামেরার লেন্স থেকে আলতোভাবে ময়লা পরিষ্কারের জন্য এই কাপড় খুবই কার্যকর।
স্ক্রিন ক্লিনার ব্যবহার
টিভির স্ক্রিন পরিষ্কারের জন্য কোনও ডিটারজেন্ট বা লিকুইড সোপ ব্যবহার করবেন না। এমনকি স্যানিটাইজারও ব্যবহার করবেন না। টিভি স্ক্রিন পরিষ্কারের জন্য বিশেষ স্ক্রিন ক্লিনার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
স্ক্রিন ভালোভাবে শুকানো
টিভির পর্দায় কোনও সলিউশন দিয়ে পরিষ্কার করা হলে, তা শুকাতে পর্যাপ্ত সময় দিন। কারণ, স্ক্রিন ভিজা অবস্থায় মুছলেও দাগ হতে পারে।
একমুখী পরিষ্কার
টেলিভিশন পরিষ্কার করার সময় এলোপাতাড়ি পরিষ্কার করার চেয়ে একমুখীভাবে পরিষ্কার করলে অনেক বেশি কাজে দেয়। প্রথমে স্ক্রিনটি একদিকে মুছুন। তারপর সম্পূর্ণ স্ক্রিনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করার জন্য বিপরীত দিকে এটিকে দ্বিতীয়বার মুছুন। এভাবে মুছলে স্ক্র্যাচ দেখা দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে।


এগজস্ট ফ্যানে তেলচিটে ময়লা? জেনে নিন পরিষ্কারের উপায়
তেল চিটচিটে বাসন হবে নতুনের মতো, কীভাবে জানুন
