প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ ভাষণ সন্ধ্যা সাড়ে ৬টায় বিটিভিসহ বেসরকারি টেলিভিশনগুলোয় প্রচারের কথা থাকলেও তা পরিবর্তন হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, রাত ৯টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভিসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচার করা হবে।
এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের সময় এ পর্যন্ত দুই দফা সংশোধন হলো। প্রথমে সন্ধ্যা ৭টার কথা জানানো হলেও, পরে এক সংশোধনীতে সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণ প্রচারের কথা বলা হয়। শেষ পর্যন্ত তা রাত পৌনে ১০টা নির্ধারণ করা হলো। ধারণা করা হচ্ছে, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় তারাবি নামাজের সময় মাথায় রেখে ভাষণ প্রচার পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, আজ দুপুর ১২টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা।
এছাড়া, বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ প্রধানমন্ত্রী সচিবালয়ে যান এবং মন্ত্রিসভার বৈঠক করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর রাষ্ট্রপতির কাছ থেকে পর্যায়ক্রমে শপথ নেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পর এই নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলো।


প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যা সাড়ে ৬টায়
