বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দাবি করেন গভর্নরের নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল না।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে সুশাসন ও দুর্নীতিবিরোধী কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও দলীয়করণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তিসহ পুলিশ প্রশাসনে সংস্কারের প্রস্তাবও তুলে ধরে টিআইবি।
এ সময় হত্যা, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, লুটপাট, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলা প্রতিহত করতেও সুপারিশ জানানো হয়। মব তৈরি করে দাবি আদায়ের প্রবণতা মোকাবিলায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন ইফতেখারুজ্জামান।



