‘কৃষক কার্ড’ চালুর উদ্দেশ্য কী, কারা পাচ্ছেন এই সেবা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় ‘কৃষক কার্ড’ চালু করেছে বিএনপি সরকার। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে মঙ্গলবার সারাদেশের কৃষকদের জন্য এই কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

শুধু টাঙ্গাইলই নয়, ‘প্রি-পাইলটিং’ পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, সারাদেশের ২২ হাজার ৬৫ জন মৎস্যচাষী, মৎস্য আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারীসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির কৃষক এ কার্ড পেয়েছেন।

প্রথম ধাপে যে ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হয়েছে, সেগুলো হচ্ছে–সদর উপজেলা (টাঙ্গাইল), শিবগঞ্জ (বগুড়া), সদর উপজেলা (পঞ্চগড়), বোদা (পঞ্চগড়), ইসলামপুর (জামালপুর), শৈলকুপা (ঝিনাইদহ), নেছারাবাদ (পিরোজপুর), জুড়ী (মৌলভীবাজার), আদর্শ সদর উপজেলা (কুমিল্লা), গোয়ালন্দ (রাজবাড়ি) ও টেকনাফ (কক্সবাজার)।

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে।’

তিনি জানান, আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড তুলে দেওয়া হবে।

‘কৃষক কার্ড’ কী

কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষিব্যবস্থা প্রবর্তন এবং কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার এই কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এটি মূলত একটি চিপ-সংবলিত কার্ড, যা দেশের প্রতিটি কৃষকের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে। মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস জানিয়েছে, একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে এ কার্ড, যেখানে কৃষকের জমির পরিমাণ, উৎপাদিত ফসলের ধরন এবং অন্যান্য কৃষিভিত্তিক তথ্য সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে কৃষক সরাসরি সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং অন্যান্য কৃষিসেবা লাভ করবেন।

১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

কৃষকদর জন্য এমন একটি কার্ড প্রচলনের উদ্দেশ্য কী

সকল কৃষক ও কৃষি-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে একটি তথ্যসমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ কৃষক ডেটাবেজ তৈরি করবে সরকার, যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নির্ধারিত সময়ে কৃষকের কাছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সকল সেবা পৌঁছে দেওয়া যায়।

কৃষক কার্ডের সেবা পাচ্ছেন যারা

দেশের ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সম্পৃক্ত সকল প্রকৃত কৃষক এবং সরকার ঘোষিত কৃষিখাত-সংশ্লিষ্ট কৃষকরা এই কার্ড পাওয়ার যোগ্য। যেখানে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন, মাঝারি ও সচ্ছল—এই পাঁচ শ্রেণিতে কৃষকদের অন্তর্ভুক্ত করে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। 

কৃষক কার্ডের মাধ্যমে যেসব সেবা পাবেন কৃষকরা

এই কার্ডের মাধ্যমে একজন কৃষক প্রাথমিক পর্যায়ে মাসিক ২৫০০ টাকা ভাতা পাওয়ার পাশপাশি ১০টি সেবা পাবেন, সেগুলো হচ্ছে—

১. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ

২. ন্যায্যমূল্যে সেচ সুবিধা

৩. সহজ শর্তে কৃষিঋণ

৪. স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি

৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা

৬. মোবাইলে ফসলের রোগবালাই-সংক্রান্ত পরামর্শ

৭. কৃষিবিষয়ক প্রশিক্ষণ

৮. মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য

৯. কৃষিবিমা সুবিধা

১০. ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা

তথ্য সংশোধন বা হালনাগাদের সুযোগ আছে কি

কৃষক কার্ড যেহেতু একটি ডাইনামিক ডেটাবেজ, তাই কৃষকের জমির পরিমাণ পরিবর্তন হলে বা নতুন ফসল চাষ শুরু করলে বা যেকোনো তথ্য সংযোজন, পরিমার্জন কিংবা সংশোধনের দরকার হলে স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে সব তথ্য নিয়মিত হালনাগাদের ব্যবস্থা রয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকদের জন্য প্রাথমিকভাবে শুরু হওয়া প্রি-পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর ১৮০ দিনের মধ্যে দেশের ১৫টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে প্রাথমিক প্রকল্পটির অভিজ্ঞতার আলোকে আগামী ৪ বছরের মধ্যে এই কৃষক কার্ড বিতরণ ও ডেটাবেজ তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাসহ সন্ত্রাসীদের...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’ পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর