জ্বালানি সাশ্রয়ে অতি জরুরি ছাড়া মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মীদের সশরীরের সভা পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব মো. মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন।
এতে বলা হয়, মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম (যেমন-সভা, কর্মশালা, প্রশিক্ষণ)-এ মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় হতে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় হতে অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একান্ত প্রয়োজন ব্যতীত সশরীরে সভা আয়োজন পরিহার করতে হবে যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায়। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপর্যুক্ত বিষয় যথাযথভাবে প্রতিপালন নিশ্চিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


