আমার মা’র পক্ষে রাজনীতিতে আগ্রহী হওয়ার কথা ছিল না। তিনি হনও-নি, কিন্তু বিদ্যমান রাজনীতির ঝাপ্টা তাঁকে সহ্য করতে হয়েছে বৈকি, বৃক্ষ যেমন সহ্য করে ঝড়কে। রাষ্ট্রের উত্থানপতন দেখেছেন, টের পেয়েছেন, উদ্বাস্তু হয়েছেন বারবার, মুখোমুখি হয়েছেন দুর্ভিক্ষ-পরিস্থিতির।
আমরা ছেলেরা রাজনীতি নিয়ে কথা বলতাম, রাজা-উজির মারার খেলায় অংশ নিতাম। তর্ক-বিতর্ক চলত। আমার মা দেখতেন। যেন খেলা দেখছেন। ছেলেদের ব্যাডমিন্টন খেলা। অথবা ফুটবল। তিনি ঝালমুড়ি, ডালের বড়া, ডালপুরী, চা ইত্যাদি সরবরাহ করেছেন, আমাদেরকে সতেজ রাখবার জন্য। ভেতরে ভেতরে হাসতেন হয়তো এই ভেবে যে, তাঁর ছেলেরা বড় হয়েও ঠিক বড়টি হলো না।
আরও একটি রাজনীতি আছে, যেটা পারিবারিক; যেখানে রাষ্ট্রীয় রাজনীতি প্রতিফলিত ও পুনরুৎপাদিত হয়। এবং মানুষ যে একটি রাজনৈতিক প্রাণী, তার প্রমাণ পাওয়া যায়। অগণতান্ত্রিক সমাজে পরিবারগুলোও গণতান্ত্রিক নয়, হতে চাইলেও বাধা পায়, অধিকাংশ ক্ষেত্রে হতে চায়ই না। রাজনীতির মর্মবস্তুটি হচ্ছে ক্ষমতা; ক্ষমতা কোথায় থাকবে বা থাকবে না, সে নিয়ে পরিবারের ভেতর দ্বন্দ্ব থাকে, থাকা স্বাভাবিকও বটে।
আমার মায়ের বিয়ে হয়েছিল চৌদ্দ-পনেরো বছর বয়সে। শাশুড়ি তাঁর মায়ের বয়সী; কিন্তু মা নন। সম্পূর্ণ অপরিচিত মহিলা। শাশুড়ি নিজে বিধবা; এতকাল সবেধন নীলমণি পুত্রের ওপর তাঁর একচ্ছত্র অধিকার ছিল। এখন একজন প্রতিদ্বন্দ্বী এসেছে। তাই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ছিল অনিবার্য, ছিল স্বাভাবিক। ক্ষমতা যাঁদের কম, তাঁরাই তো ক্ষমতার বিষয়ে অধিক সচেতন। বিরোধ বাধেনি, কিন্তু যেকোনো মুহূর্তে যেকোনো অজুহাতে মনোমালিন্য, এবং সেখান থেকে সংঘাত শুরু হয়ে যেতে পারত। তেমনটা যে ঘটেনি, তার কারণ কেবল যে আমার মা তা নয়, তাঁর শাশুড়ি, আমার দাদিও। এ বিষয়ে তাঁরা উভয়েই সজাগ ছিলেন, ছাড় দিচ্ছিলেন পরস্পরকে। কেননা তাঁরা জানতেন একবার ঝগড়া লাগলে নিরসন কঠিন হবে, জোড়া লাগলেও দাগ রয়ে যাবে চিরস্থায়ী, ক্ষতি হবে উভয়ের, তার চেয়েও বেশি ছিল যে বিবেচনা সেটা হলো, কষ্ট পাবেন সেই ব্যক্তিটি যাঁকে নিয়ে ওই দ্বন্দ্ব। আমার বাবা রাজশাহীতে প্রথম যখন বাসা নেন, তখন সে বাসাতে শাশুড়ি ও পুত্রবধূ একসঙ্গেই ছিলেন। আমার মা সমস্ত ক্ষমতা তুলে দিয়েছিলেন তাঁর শাশুড়ির হাতে, নির্দ্বিধায়। আর সেটা করেই তিনি জিতে গিয়েছিলেন পারিবারিক রাজনীতিতে। শাশুড়ি দেখলেন ঠিক হচ্ছে না। বিবাহিত পুত্রের সংসারে তাঁর এমন সর্বময় কর্তৃত্বটা অস্বাভাবিক। পুত্রবধূর অব্যাহত আত্মত্যাগ হয়তো শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো ঘটনার ঘটনা না হোক ক্ষতের সৃষ্টি করবে, যার ক্ষতিপূরণ সম্ভব হবে না। তিনি সরে গেলেন। শহর তাঁর ভালো লাগছে না বলে গ্রামের বাড়িতে চলে এলেন।
শহর হয়তো সত্যি সত্যি ভালো লাগছিল না। কিন্তু সেটা মোটেই আসল কারণ নয় গৃহে প্রত্যাগমনের। আসল ঘটনা দ্বন্দ্ব পরিহার করা। পুত্রবধূ এক পা পিছিয়েছে, তিনি দু’পা ফেলে ঘটনাস্থলই ত্যাগ করে চলে গেলেন। এই জ্ঞান তাঁর টনটনে ছিল যে, সংঘর্ষ বাধলে সেটা খুবই ক্ষতিকর হবে। তাছাড়া যাকে নিয়ে এই দ্বন্দ্ব, সেই যুবক তাঁর সমস্ত স্নেহের কেন্দ্রবিন্দু বটে, কিন্তু ছেলের দিক থেকে দেখতে গেলে তিনি তো একক নন। আরও একজন আছে, যার প্রতি পুত্রের আদর্শ ও কর্তব্যবোধ দুটোই কাজ করবে। এও তো খেয়ালে ছিল তাঁর যে, যতই যা হোক আমার পিতা তাঁর আপন সন্তান নন, দেবরপুত্র মাত্র। আমার বাবা অতি অল্প বয়সে পিতা ও মাতা উভয়কেই হারিয়েছিলেন। সন্তানের স্নেহে তাঁকে লালনপালন করেছেন তাঁর চাচি, যিনি তাঁর খালাও হন। চাচিকে তিনি মা বলেই জানতেন ও মানতেন। আবার দাদি ঠিক করেছিলেন, যার সংসার তাঁর হাতে তুলে দেবেন, দিয়ে সসম্মানে অবসর নেবেন।

দাদির গ্রামে ফেরার পর আমরাও গ্রামে গিয়েছি। গোটা পরিবার। খুব স্পষ্ট না হলেও মনে আছে, আমি দাদির সঙ্গে থাকা পছন্দ করতাম, দিনে এবং রাতেও। শীতের সময়ে সকালে‑সন্ধ্যায় আগুনের মালশা নিয়ে বসতেন তিনি। কোলে আলোয়ান জড়ানো অবস্থায় থাকতাম আমি। কতটা দুষ্টু ছিলাম জানি না, নাকি হাত বাড়িয়ে আগুন ছুঁয়েছিলাম একবার, যাতে হাত পুড়েছিল। সে কলঙ্ক-রেখা আমি আমার ডান হাতের তালুর উল্টো পিঠে অনেককাল বহন করেছি। যে রাতে তিনি চলে যাবেন, সে রাতে মা’কে ডেকে নাকি বলেছিলেন, ‘বউ-মা তোমার ছেলেকে তোমাদের কাছে রাখো। ও হয়তো ভয় পাবে।’ কিসের ভয় আমার মা বোঝেননি। জিজ্ঞাসাও করেননি। ওই রাতেই আমার দাদি মারা যান।
মায়ের দিক থেকে ক্ষমতার একটা লড়াই আমার বাবার সঙ্গেও ছিল। ওখানেও তিনি ছাড় দিয়েছেন। ত্যাগ নয়, দান নয়, অনাসক্তি। কলহে যাননি, আত্মম্ভরিতা প্রকাশ করেননি, সরে গেছেন। আর সেখানেই হেরে গেছেন আমার বাবা, কর্তৃত্ব করেছেন ওপরে ওপরে, কিন্তু সংসার ছিল মায়ের হাতে। সন্তানদের ওপর তাঁর যত কর্তৃত্ব, প্রভাব যদিও তত নয়।
নিজে যখন শাশুড়ি হয়েছেন, তখন একদা তাঁর শাশুড়ি তাঁর ওপরে যে-রাজনীতি কার্যকর করেছিলেন, তিনিও সেই পথেই অটল থেকেছেন। প্রতিদ্বন্দ্বিতায় যাননি। সরে এসেছেন। ঠাঁই নিয়েছেন আপন সংসারে।
বিশেষ করে এখন তো দেখতে পাই যে, আমি যতটা না আমার বাবার সন্তান, তার চেয়ে বেশি আমার মায়ের। বাবা-মায়ের প্রভাব সন্তানের ওপর তো থাকবেই, থাকেও। কারটা কত শক্তিশালী সেটা মাপবার কোনো নির্ভরযোগ্য যন্ত্র নেই। আমি জানি আমার পিতার প্রভাব আমার ওপর মোটেই কম নয়। কিন্তু মায়ের ছাপটা ততোধিক। আর যেহেতু তা গভীর, তাই অনির্দিষ্ট। আমি বেড়ে উঠেছি আমার বাবার উৎসাহে এবং মায়ের আশ্রয়ে। আশ্রয় অধিক কার্যকর, উৎসাহের তুলনায়। উৎসাহ ও আশ্রয়ের ভেতর এই বিভাজনটা অবশ্য খাড়াখাড়ি করা যাবে না। তাছাড়া বাবার মধ্যেও মায়ের স্নেহ ছিল, কোনো কোনো ক্ষেত্রে তিনিও ছিলেন মাতৃস্বভাবসম্পন্ন।
আমার মায়ের মতো আমিও উন্নতিবিরোধী। ছাড় দিই, সরে আসি, সন্তুষ্ট হয়ে যাই অল্পতেই। আমিও পছন্দ করি আত্মীয়তা। আমার মা তাঁর আত্মীয়তাপ্রীতি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে–আমার নানির কাছ থেকে। ওদিকে আমার বাবার সাথে আমার নানার একটা মিল ছিল–উভয়েই ছিলেন পরিবারতান্ত্রিক। কিন্তু নানি ছিলেন আলাদা মানুষ। সংসারের মধ্যে থেকেও তিনি ছিলেন অনাসক্ত। আমার ধারণা কিছুটা অনাসক্তি আমার নিজের মধ্যেও রয়েছে। আমার মা সেটা কতটা লক্ষ্য করেছিলেন জানি না। কিন্তু আমার একমাত্র খালা–মায়ের বড় বোন–যে লক্ষ্য করেছিলেন, তা জেনেছি। আমার নিঃসন্তান খালা আমাকে বড়ই স্নেহ করতেন। আমার বিয়ের পরে আমার স্ত্রীকে নাকি তিনি বলেছিলেন, ‘বউমা, দেখবে তুমি, আমাদের ছেলেটা কিন্তু দরবেশ।’ অনেক পরে আমার স্ত্রী আমাকে পরিহাস করে বলেছেন যে, ওই খবর পেয়ে তিনি অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েছিলেন। কিছুদিনের মধ্যেই অবশ্য আশ্বস্ত হয়েছেন যে, এ ক্ষেত্রে দরবেশ অর্থ সংসারত্যাগী বুঝলে চলবে না, বুঝতে হবে গরিব।
অনাসক্তি আমার পিতার গুণগুলোর একটি ছিল না। তিনি বরঞ্চ অস্থির হতেন পান থেকে চুন খসতে দেখলে। খুঁটিনাটি লক্ষ্য করতেন অত্যন্ত দক্ষ গোয়েন্দার মতো। আশাবাদী হওয়ার ব্যাপারে তাঁর বিশেষ আগ্রহ ছিল, এবং আশা করতেন বলেই হতাশও হতেন বড় সহজেই। বেশ চরমপন্থী, যা ভালো মনে করতেন তাকে আকাশে তুলতেন, যা খারাপ ভাবতেন তাকে ফেলে দিতেন একেবারে পাতালে। আমার মা সেটা করতে পারতেন না। এখন তো মনে হয় খুব ভালো হতো আমি যদি আরও অধিক পরিমাণে আমার মায়ের স্বভাব পেতাম। তাহলে আমার ভেতরকার অস্থিরতাটা কমত। বড় সমস্যায় আমার বাবা তবু অচঞ্চল থাকতে পারতেন, কিন্তু ছোট ছোট ব্যাপারে দেখেছি খুব চঞ্চল হয়ে পড়ছেন। তখন কলিং বেল ছিল না, কড়া নাড়বার ব্যবস্থা ছিল; তাঁর কড়ানাড়া শুনলে না বুঝে কোনো উপায় থাকত না, কে এসেছেন।
ওদিকে আমার মা? সর্বদাই শান্তপ্রবাহ। কী করে তিনি স্থির থাকতেন, আমি জানি না। তাঁর স্বামী চলে গেলেন, একটি পুত্র চলে গেল, সবচেয়ে ন্যাওটা ছিল যে ছেলে সে গিয়ে স্থায়ীভাবে বাসা বেঁধেছে আমেরিকায়। তাঁর দুই ভাই এবং একমাত্র বোন আগেই চলে গেছেন, একের পর এক। সর্বকনিষ্ঠজনও গেলেন। তাঁর সমবয়স্কদের অধিকাংশই আজ নেই, কমবয়স্কদেরও কেউ কেউ বিদায় নিয়েছেন। তিনি দেখেছেন, সহ্য করছেন, কান্নাকাটি করেছেন, কিন্তু ভেঙে পড়েননি, আত্মসংবরণ করে রয়েছেন, স্থির সাক্ষীর মতো। উপেক্ষা করেন, অপেক্ষা করেন। যতটা সম্ভব অবিচলিত থাকতেন। এক সময়ে তিনিও বিদায় নিয়েছেন। আমি মায়ের মতো পারিনি। আমি বড় সহজে চঞ্চল, উদ্বেল, উদ্বিগ্ন ইত্যাদি হই, ভয় পেয়ে যাই; আবার উৎফুল্লও হই খুব সহজে। মনের দিক থেকে আমি আমার মায়ের মতো নই; মানসিকভাবে আমি নিতান্তই নিম্ন মধ্যবিত্ত। ভালো হতো যদি অনাসক্তি আরও গভীর হতো, যেমনটা আমার মায়ের মধ্যে দেখেছি। আমার ভেতরে কিছুটা আমলাতান্ত্রিকতা যে নেই, তা নয়। ওটি বাবার কাছ থেকে পাওয়া; চমৎকার হতো ও-জিনিস না থাকলে। আমার মায়ের মধ্যে যা ছিল না।
সংকোচ পুরুষের গুণ কি না, জানি না। কিন্তু এটি যে আমার মায়ের নিজস্ব বন্ধু, তাতে কোনো সন্দেহ নেই। তাঁর কাছ থেকেই পেয়েছি হয়তো, হয়তো-বা নিজের ভেতরে সংরক্ষিত আকারে রেখেছি তাঁর কাছ থেকে পেয়ে। যে জন্য আমার খুব দ্বিধা, প্রত্যক্ষ হতে। আড়াল পেলে বেঁচে যাই। দায়িত্ব নেওয়াতেও সংকোচ। ভালো লাগে ছদ্মনামে লিখতে। সংকোচকে উন্নাসিকতা ভাবা কষ্টকর নয়। আমার আচরণও উন্নাসিকতার দায়ে অভিযুক্ত হতে পারে বৈকি, হয়নি যে তাও নয়। কিন্তু আসল ব্যাপার হচ্ছে বিশুদ্ধ লাজুকতা, অন্যকিছু নয়। এই যে আমি লিখছি, এতে নিজের কথা আসছে, কিন্তু তা আসছে মায়ের জন্য সাক্ষীর বক্তব্য হিসেবে, আত্মকথন বলে নয়।
কিন্তু আমি পেছনে পড়ে থাকি আমার মায়ের, একটি বিশেষ জায়গায়, সেটা আতিথেয়তার। ওইখানে আমি ভয় পেয়ে যাই। আমার বাবাও পেতেন। আমার মা মোটেই পাননি। আতিথেয়তার ব্যাপারে তাঁকে আমরা অসীম সাহসী বলেই জেনেছি। মেহমান পেলে খুশি হতেন, চলে গেলে বিষণ্ন। সামান্য উপকরণ নিয়ে অসামান্য আপ্যায়নে তাঁর দক্ষতা আমার কখনো আয়ত্বগত হবার ছিল না, হয়ওনি। এমএ পরীক্ষা দিয়ে আমি কয়েক মাস চাকরি করেছি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে। সপ্তাহান্তে একবার আসতাম, আবার যেতাম সপ্তাহের শুরুতে। হাসতে হাসতে একদিন মা বলেছিলেন, ‘তা বাবা সেলিম, মুন্সিগঞ্জ তো মিষ্টির জন্য বিখ্যাত; মিষ্টি আনায় অসুবিধা আছে, হাঁড়ি লাগবে, কিন্তু কলাও তো পাওয়া যায়, সেটা তো আনা যায় তোর ব্যাগের ভেতর রেখেই, তাই না?’ শুনে বড় লজ্জা পেয়েছিলাম আমার কাণ্ডজ্ঞানের অভাব দেখে। কিন্তু আনা হয়নি, ওই লজ্জাতেই। মনে হয়েছে এর পরে মায়ের সামনে ওই উপহার নিয়ে হাজির হওয়া অপরাধ স্বীকারের শামিল হবে। বেঁচে গেছি মুন্সিগঞ্জে যাতায়াত বন্ধ হওয়াতে।
আত্মীয়তার ব্যাপারটাতে একটা পিছুটান থাকে, কিছুটা অতিরিক্ত মাখামাখি, ভাবটা ভেজা ভেজা, ভাবালু। বন্ধুত্ব জিনিসটা সেদিক থেকে চটপটে এবং আধুনিক। আমরা আত্মীয়তার কাল ছেড়ে বন্ধুত্বের কালাভিমুখে অগ্রসর হয়েছি। সেটা একটা অগ্রগতি নিশ্চয়ই। কিন্তু তারও একটা সীমা রয়েছে। সর্বজনীন বন্ধুত্ব আসেনি। তাই বুঝি গণতান্ত্রিক সংস্কৃতি গড়া আমাদের পক্ষে সহজ হচ্ছে না।
লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]



