দেশে আরেকটি এক–এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয় বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও আরেকটি এক–এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয়।’
এ সময় পিআর পদ্ধতির নির্বাচনকে অলিক ধারণা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘পিআর পদ্ধতি একটি অলিক ধারণা, দেশের মানুষ যা বোঝে না। একটি মহল এ দেশে গণতন্ত্র চলতে দিতে চায় না। এমনকি শেখ মুজিবও চায়নি।’
নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির পরে যাওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতেই নির্বাচন দরকার।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া নয়, তবে জুলাইয়ের চেতনা ছিল মানুষের অধিকার, তাই জনগণের ক্ষমতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।’



