দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে ভিমোটো। এর মধ্যে একটি ডুকাটির সঙ্গে লাইসেন্সিং সহযোগিতায় তৈরি বিশেষ সংস্করণ ভিমোটো সিইউ ডুকাটি এডিশন। অন্যটি শহুরে যাতায়াতের জন্য তৈরি ভিমোটো সিইউ মিনি।
রাজধানীর পল্টনে সিমবা মটরসের উদ্যোগে ভিমোটোর (ইভি লাইফ) নতুন থ্রি-এস শোরুম উদ্বোধনের মাধ্যমে স্কুটার দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়। প্রতিষ্ঠানটির দাবি, নতুন শোরুম ভিমোটোর বিক্রয় ও গ্রাহকসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন সিইউ ডুকাটি এডিশন স্কুটারটি ইতালির প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা ডুকাটির রেসিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত। ডুকাটির স্বাক্ষরধর্মী রং, গ্রাফিক্স ও স্পোর্টি ডিজাইন স্কুটারটিকে আলাদা পরিচয় দিয়েছে। পরিবেশবান্ধব যাতায়াতের পাশাপাশি রেসিং-অনুপ্রাণিত নকশাপ্রেমীদের জন্য এটি আকর্ষণীয় হতে পারে।
স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। এতে রয়েছে ২ দশমিক ৩ কিলোওয়াট ক্ষমতার মোটর এবং ৭২ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি। একবার পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ব্যাটারিটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। এর দাম রাখা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
অন্যদিকে সিইউ মিনিকে ভিমোটোর জনপ্রিয় সিইউ মডেলের ছোট ও হালকা সংস্করণ হিসেবে বাজারে আনা হয়েছে। যানজটে সহজে চলাচল এবং কম জায়গায় পার্কিংয়ের সুবিধা থাকায় এটি মূলত দৈনন্দিন স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য তৈরি।
সিইউ মিনির সর্বোচ্চ কনফিগারেশনে রয়েছে ১ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার মোটর। স্কুটারটি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এক চার্জে প্রায় ৭০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। এতে ব্যবহৃত ৬০ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় চার ঘণ্টা। মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা।
ভিমোটোর দাবি, তারা বর্তমানে বিশ্বের ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের বাজারে এরই মধ্যে ভিমোটো টিসি, টিএসএক্স, সিইউ, স্ট্রিট হান্টার, সিটি ও স্ট্যাসসহ বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার ও বাইক পাওয়া যাচ্ছে। নতুন ডুকাটি এডিশন ও সিইউ মিনি যুক্ত হওয়ায় দেশে ভিমোটোর পণ্যের পরিসর আরও বিস্তৃত হলো।



