সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোলাবোরেশন ফিচারটি নতুন কিছু নয়। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও টিকটকে ইতোমধ্যেই প্রচলিত আছে এই টুলটি। এবারে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব পরীক্ষামূলকভাবে তাঁদের ক্রিয়েটর বা নির্মাতাদের জন্য কোলাবোরেশন ফিচারটি চালু করেছে। শুক্রবার (১ আগস্ট) গুগলের এক কর্মী ‘ইউটিউব হেল্প’ প্ল্যাটফর্মে পোস্ট করে ইউটিউবের নতুন এই ফিচারটির কথা জানিয়েছে।
গুগলের এই কর্মীর নাম জেনসেন, যিনি টিমইউটিউবের অংশ। ‘ইউটিউব হেল্প’ প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘আমরা এমন একটি ফিচার পরীক্ষা করা শুরু করেছি যা নির্মাতাদেরকে (ক্রিয়েটরদের) একটি ভিডিওতে কোলাবোরেটর (সহযোগী) যুক্ত করার সুযোগ করে দিবে। কোলাবোরেটর যুক্ত করার ফলে নির্দিষ্ট একটি কনটেন্ট প্রতিটি নির্মাতার নিজ নিজ দর্শকদের কাছে রিকমেনডেশন আকারে পৌঁছে যাবে। প্রাথমিকভাবে আমরা স্বল্প সংখ্যক নির্মাতাদের নিয়ে এই পরীক্ষা শুরু করেছি, তবে সামনে আরও নির্মাতার কাছে ফিচারটি সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে আমরা আপনাদেরকে অবহিত করব।’
সহজ করে বললে, কোলাবোরেশন ফিচারটির কল্যাণে একজন নির্মাতা চাইলে তাঁর কোনও ভিডিওতে সরাসরি একাধিক নির্মাতাকে কোলাবোরেটর হিসেবে ট্যাগ বা যুক্ত করতে পারে। এভাবে যুক্ত হওয়া প্রতিটি কোলাবোরেটরের (নির্মাতার) নিজস্ব দর্শকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। ফলে একদিকে যেমন ভিডিওটির দর্শক (ভিউ) বাড়বে, অন্যদিকে দর্শকরা আরও সহজে নির্মাতাদের ও তাঁদের কাজ সম্পর্কে জানবেন এবং কনটেন্ট ভালো লাগলে নির্মাতাদেরকে অনুসরণ (ফলো) করতে পারবেন।
উল্লেখ্য, ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এবং ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও ঠিক একই ধরনের কোলাবোরেশন টুল আছে। ফলে এই প্ল্যাটফর্ম দুটিতেও যৌথভাবে পোস্ট দেওয়া যায় বা একটি কনটেন্টে একাধিক নির্মাতাকে কোলাবোরেটর হিসেবে ট্যাগ করা যায়। এর মাধ্যমে কনটেন্ট আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছায়।
আপাতত কোলাবোরেশন ফিচারটিকে স্বল্প সংখ্যক বিশ্বস্ত নির্মাতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে যাচ্ছে ইউটিউব। তবে ভবিষ্যতে টুলটিকে আরও বেশি নির্মাতার কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটির। ইতোমধ্যেই দেখা গেছে, ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় চ্যানেল মিস্টার বিস্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে ৩ জন নির্মাতাকে (মার্ক রবার, বেন অ্যাজেলার্ট এবং দ্য স্টোক টুইনস) কোলাবোরেটর হিসেবে ট্যাগ করা হয়েছে।
ইনস্টাগ্রাম ও টিকটিকে কোলাবোরেশন ফিচারটি যেভাবে কাজ করে ঠিক সেভাবেই এটি কাজ করবে ইউটিউবেও। মূল নির্মাতার নামে ক্লিক করলে পর্দায় একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখানে ভিডিওটিতে ট্যাগ করা কোলাবোরেটরদের নামের তালিকা দেখা যাবে। সেখানে প্রতিটি কোলাবোরেটরের নামের পাশে সাবসক্রাইব বাটনও থাকবে যাতে করে দর্শকরা চাইলে তাঁদের চ্যানেলকে অনুসরণ করতে পারে।
তবে একজন নির্মাতা চাইলেই যেকোনো নির্মাতাকে কোলাবোরেটর হিসেবে ট্যাগ করতে পারবেন না, অন্তত এমনটাই ধারণা করা যায়। নির্দিষ্ট কোলাবোরেটর যদি কোলাবোরেশনের অফার গ্রহণ করেন তবেই কেবল তাঁকে আনুষ্ঠানিকভাবে সহ-নির্মাতা হিসেবে ট্যাগ করা যাবে। উল্লেখ্য, কোলাবোরেশনের ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসরণ করা হয় টিকটক ও ইনস্টাগ্রামেও।
তথ্যসূত্র: ম্যাশেবল, ইউটিউব হেল্প



