বিশ্বকাপের দলে না থাকা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তামিম ইকবাল। আজ ফেসবুকে ভিডিওবার্তায় বলেছেন, তাঁকে দলে না রাখতে তিনিই অনুরোধ করেছেন। বলেছেন, নোংরামির মধ্যে থাকতে চান না।
যে ইস্যুতে সরগরম ছিল সংবাদমাধ্যম, তা নিয়ে কথা বলেছেন তামিম। তিনি আসলেই পাঁচ ম্যাচ খেলবেন কি খেলবেন না, কিংবা এ প্রসঙ্গে নির্বাচকদের কাছে তিনি কী বলেছেন সেটাও জানিয়েছেন তামিম।
তামিম বলেছেন, তিনি কখনো নির্দিষ্ট করে কয়টি ম্যাচ খেলবেন বা খেলবেন না, তা নিয়ে কখনো কিছু বলেননি। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচ শেষে আমি আমার অবস্থা ফিজিওকে বললাম। ঠিক ওই মুহূর্তে তিন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি আমি পাঁচটি ম্যাচের বেশি খেলতে পারব না। এ কথা কখনোই বলা হয়নি। আমি নিশ্চিত গতকাল নান্নু ভাইও এ কথা পরিষ্কার বলেছেন। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না, এ কথা কীভাবে মিডিয়াকে খাওয়ানো হয়েছে, বা কে করছে। এটা একদম ভুল।’
গত আফগানিস্তান সিরিজে হওয়া বিতর্কের পর আর কোনো বিতর্কের মধ্য দিয়ে যেতে চাননি তামিম। তাই নির্বাচকদের বলেছেন, ব্যথা নিয়েই বিশ্বকাপ খেলবেন, এটা যেন মাথায় রেখে দল নির্বাচন করা হয়, ‘আমি নির্বাচকদের বলেছিলাম, আমার শরীর এমনই থাকবে। আমার একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন, এটা মাথায় রেখে নির্বাচন করবেন। এরও একটা কারণ আছে। কিছুদিন আগের কথা চিন্তা করেন, আমি যখন অধিনায়ক ছিলাম। যে ম্যাচ খেলার পর অবসর নিই, ওখানে আমার চোট নিয়ে একটা চিন্তা ছিল। ফিজিও, কোচ নিয়ে যখন কথা বলেছিলাম, তখন তিনজন সম্মত হয়েছিলেন যে আমার প্রথম ম্যাচ খেলা উচিত। এবং আপনারা জানেন, কেমন কথা মিডিয়াতে বলা হয়েছে। “যদি ফিট না থাকি, তাহলে খেলা উচিত না।”’
তামিম তাই এবার সতর্ক হয়েছেন, বিশ্বকাপের মাঝপথে দল নিয়ে নতুন করে যেন ভাবতে না হয়, সেটা এড়াতে চেয়েছেন, ‘ওই সময় আমার খুব অবাক লেগেছিল, কারণ ওই রুমে সবাই সম্মত হয়েছিলাম। আমি তাই আরেকটা বিতর্ক সৃষ্টি করতে চাইনি। তাই আমার তরফ থেকে একদম সৎভাবে নির্বাচকদের বলেছি, এটা মাথায় রেখে আমাকে দলে নিয়েন। কারণ, আমি যদি বিশ্বকাপে যাই, এমন হতে পারে, আমি ৯ ম্যাচ খেললাম, কোনো সমস্যা নেই। কারণ, বিশ্বকাপের সূচি এমন যে প্রথম দুই ম্যাচ ছাড়া প্রতি ম্যাচের পর তিন চার দিনের বিরতি আছে। এমনও হতে পারে, এটা যেকোনো সুস্থ মানুষের সাথে হতে পারে, দুই ম্যাচ খেলার পর চোটে পড়ল, তাঁকে দেশে পাঠাতে হলো। এ কারণেই পরিষ্কারভাবে তাঁদের বলি।’


বিশ্বকাপে বাদ পড়া নিয়ে কী বলতে যাচ্ছেন তামিম?
‘তুমি এক কাজ কর, প্রথম ম্যাচ খেলিও না’
বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক তামিম, বললেন বাদ দেওয়া 'ইনটেনশনাল'
