মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হতে এখনো দেড় মাসের মতো বাকি। মাঝের এই বিরতিতে প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে লাতিন আমেরিকা সফর করছে এমএলএসের দল ইন্টার মায়ামি। সেই সফর সূচির অংশ হিসেবে আজ রোববার সকালে বার্সেলোনার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসিরা। আর এ ম্যাচে দুর্দান্ত একটা গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা ২-২ গোলে ড্র করেছে মায়ামি!
মনে খটকা লাগতে পারে, বার্সেলোনা তো গতকাল শনিবার রাতে লা লিগায় মায়োর্কার বিপক্ষে খেলতে নেমেছিল। ৩-০ ব্যবধানে জয়ের সেই ম্যাচ শেষ হওয়ার ৭ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বার্সেলোনা তাহলে কীভাবে মায়ামির মুখোমুখি হলো?
ব্যাপারটা হলো, স্প্যানিশ ক্লাব বার্সার বিপক্ষে খেলেনি মায়ামি। বরং ইকুয়েডর সেরি আ-র দল বার্সেলোনা স্পোর্তিং ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন মেসিরা।
ম্যাচটা প্রীতি হলেও দুদলই প্রায় পাল্লা দিয়ে লড়েছে। এর মধ্যে ৩১ মিনিটে মেসির দারুণ এক গোলে এগিয়ে যায় মায়ামি। মধ্যমাঠের কিছুটা সামনে বল পেয়ে সেটা নিয়ন্ত্রণে নিয়ে বার্সেলোনার দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সে ঢুকে পড়েন মেসি। সেখান থেকে বাঁপায়ের কোনাকুনি শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা।
১০ মিনিট পরেই সমতায় ফেরে বার্সেলোনা। তবে বিরতির আগে আবারও মেসি ম্যাজিকে এগিয়ে যায় মায়ামি। এবার অবশ্য গোল পাননি মেসি, তবে দারুণ একটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ডানপ্রান্ত থেকে বাড়ানো মেসির মাপা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে স্কোরলাইন ২-১ করেন হেরমান বেরতেরামে।
তবে এই লিডও ধরে রাখতে পারেনি মায়ামি। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে বার্সেলোনার আর্জেন্টাইন মিডফিল্ডার তমাস মার্তিনেস স্কোরলাইন ২-২ করেন। শেষ দিকে মায়ামি আর গোল তো পায়-ই নি, উল্টো লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার দাভিদ আয়ালা।
ইকুয়েডরে আজকের প্রীতি ম্যাচের আগে চলমান লাতিন সফরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলেছে মায়ামি। এর মধ্যে গত ২৫ জানুয়ারি পেরুর ক্লাব আলিয়ানসা লিমার ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারে দিয়ে লাতিন আমেরিকা সফর শুরু করে মায়ামি। অবশ্য পরের ম্যাচে কলম্বিয়া গিয়ে দেশটির ক্লাব আতলেতিকো নাসিওনালকে ২-১ ব্যবধানে হারায় মায়ামি। আজ ইকুয়েডরের মাটিতে বার্সেলোনার বিপক্ষে হোঁচট দিয়ে লাতিন আমেরিকা সফর শেষ করলেন মেসিরা।



