সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত। তবে সেই ম্যাচে মাঠে নামার আগেই সুখবর পেয়েছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত অনূর্ধ্ব–২০ দল। আর তাতেই পাকিস্তানকে বিদায় করে বাংলাদেশের সেমিফাইনালের পথটা পরিষ্কার করে দিল ভারত।
আজ ভারতের বিপক্ষে পাকিস্তান জয় পেলে বা ড্র করলে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হত। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২-০ গোলে হারের পর ভারতের বিপক্ষে পাকিস্তানের হার তাদের বিদায় নিশ্চিত করেছে। ফলে বি গ্রুপ থেকে সেরা দুই দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও বাংলাদেশ।
বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল নিশ্চিত হলেও আগামী শনিবার(২৮ মার্চ) গ্রুপ সেরার লড়াইয়ে নামবে এই দুই দল। বি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে জিততেই হবে। ভারতের বিপক্ষে ম্যাচ ড্র করলে দুই দলের সমান ৪ পয়েন্ট হবে।
তবে ভারত আজ পাকিস্তানের বিপক্ষে ৩ গোলে জয় পাওয়ায় গোল ব্যবধানে তারা বাংলাদেশ থেকে এগিয়ে।
বি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ গ্রুপে রানার্স আপের সঙ্গে লড়বে। অপরদিকে এ গ্রুপের চ্যাম্পিয়ন দলের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স আপ। এ গ্রুপে ইতোমধ্যে দুই জয়ে নেপাল ও এক জয়ে শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।



