সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে। প্রবৃদ্ধির হার এভাবে অব্যাহত থাকলে ২০৩২ সালের মধ্যে দেশটির অর্থনীতি ৩ দশমিক ৫ শতাংশ বা ৩৯০ কোটি ডলার বাড়বে বলে ধারণা করছে ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল। আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এসঅ্যান্ডপি বলছে, সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পেছনে ভূমিকা রাখছে কর্মক্ষেত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণ। দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। গত বছর সৌদি আরবের শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ দ্বিগুণ হয়ে ৩৬ শতাংশে উন্নীত হয়েছে। ২০১৬ সালে এই হার ছিল মাত্র ১৯ শতাংশ।
অন্যদিকে ২০১৭ সালে সৌদি আরবের সামগ্রিক অর্থনীতিতে নারীর অংশগ্রহণের হার ছিল ৫৪ দশমিক ২ শতাংশ, যা ২০২৩ সালের মার্চে ৬১ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। এটি সৌদি আরবের ইতিহাসে একটি রেকর্ড।
অর্থনীতিবিদেরা বলছেন, ‘আগামী ১০ বছরে সৌদির সামগ্রিক অর্থনীতিতে নারীর অংশগ্রহণের হার মাত্র ১ শতাংশীয় পয়েন্ট বাড়লেও দেশের বার্ষিক প্রকৃত জিডিপি দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট থেকে ২ দশমিক ৪ পর্যন্ত বাড়বে।
২০১৬ সালে ভিশন-২০৩০ ঘোষণা করেছিল সৌদি আরব। সেখানে বলা হয়েছিল, অর্থনীতিতে বৈচিত্র আনা হবে। সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেসব পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানো। ভিশন-২০৩০ এ বলা হয়েছিল, ২০৩০ সালের মধ্যে বেসরকারি খাতে নারীর অংশগ্রহণ ৩ লাখে উন্নীত করা হবে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি অর্থনীতি ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এর পেছনে অন্যতম ভূমিকা রয়েছে দেশটির জ্বালানি তেলবহির্ভূত খাতগুলোর।
সৌদি আরবের অর্থনীতি মূলত জ্বালানি তেলনির্ভর। সেখান থেকে বের হয়ে এসে অন্যান্য খাতগুলোর উন্নতির দিকে নজর দিচ্ছে সৌদি সরকার। এ ছাড়া ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু কর্মসূচিও গ্রহণ করেছে। কারণ সৌদি সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৭ শতাংশের নিচে নামিয়ে আনা।
সেই লক্ষ্যের দিকেও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সৌদি আরব। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে সৌদি নারীদের বেকারত্বের হার ২০ দশমিক ২ শতাংশ থেকে ১৬ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে পুরুষদের বেকারত্বের হার ৫ দশমিক ১ শতাংশ থেকে নেমে ৪ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।
রিয়াদভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান জাদওয়া ইনভেস্টমেন্ট গত এপ্রিলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, শ্রমশক্তিতে নারীর প্রতিনিধিত্ব বর্তমানে ৩৬ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। এটি আগে ছিল মাত্র ২০ শাতাংশ।
এসঅ্যান্ডপি বলছে, সৌদি আরবে শ্রমজীবী নারীদের ৬০ শতাংশ সরকারি খাতের সঙ্গে যুক্ত। এ ছড়া ৬৭ শতাংশ কর্মজীবী নারী বিভিন্ন ধরনের অলাভজনক সংস্থা ও বেসরখাতি খাতে কাজ করছে।



