আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ প্রস্তাব দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বর্তমানে প্রাপ্তবয়স্ক আমেরিকানের সংখ্যা প্রায় ২৭ কোটি। ফলে প্রত্যেককে পাঁচ হাজার ডলার করে দেওয়া হলে সরকারের খরচ হবে প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার।
তবে এ পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে বা এর অর্থায়নের বিষয়েও ট্রাম্প বিস্তারিত জানাননি।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরিকল্পনাকে ট্রাম্পের শুল্কনীতি থেকে যুক্তরাষ্ট্র সরকারের অর্জিত রাজস্বের সঙ্গে যুক্ত করেছেন।
এদিকে, ডেমোক্র্যাটরা এটিকে ফাঁকা প্রতিশ্রুতি বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠেছে, এমন প্রতিশ্রুতির কোনো আইনি বৈধতা আছে কি না।
বিবিসি বলছে, নির্বাচনী বছরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার আহ্বানের প্রেক্ষাপটে, কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আমেরিকানদের এমন অর্থ প্রদানের প্রস্তাব দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম।
পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এমন সময়ে এই প্রশ্ন উঠছে, যখন যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ছে, যার একটি কারণ হিসেবে ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে উল্লেখ করা হচ্ছে।



