ভারতে নাশকতার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কলকাতার আদালত। সাজাপ্রাপ্তরা হলেন– মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন এবং মাওলানা ইউসুফ শেখ। তাদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ২০১৬ সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। দীর্ঘ ৯ বছর ধরে চলা এই মামলার রায় গত ৩ ডিসেম্বর ঘোষণা করা হয়।
কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ) এই পাঁচজনকে পশ্চিমবঙ্গের বনগাঁ, বসিরহাট এবং আসামের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। মামলা চলাকালীন আদালতে নিজেদের দোষ স্বীকার করেছেন তারা।
ওই পাঁচ জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে দোষীদের আরও তিন মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে।
গ্রেপ্তারদের মধ্যে আনোয়ার এবং জাহিরুল বাংলাদেশের নাগরিক। তারা উত্তর ২৪ পরগনার সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে তদন্তে দাবি করা হয়। তদন্তে আরও জানা যায়, তারা উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের নানা জায়গায় একাধিক নাশকতার পরিকল্পনা করছিলেন।
বিচার চলাকালীন ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। সেই সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে নগর দায়রা আদালত ওই পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিচারক রোহন সিংহ তাদের সাজা ঘোষণা করেন। এ ছাড়া বাংলাদেশি আনোয়ার ও জাহিরুলের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনেও মামলা হয়েছিল এবং সেই ধারাতেও তারা দোষী সাব্যস্ত হয়েছেন।



